× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'বাংলাদেশ ফার্স্ট' নীতিতে চলবে পররাষ্ট্রনীতি, সম্পর্কের ভিত্তি হবে জাতীয় স্বার্থ: শামা ওবায়েদ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ জুলাই ২০২৬, ২২:৪৯ পিএম । আপডেটঃ ০৫ জুলাই ২০২৬, ০১:০৪ এএম

শনিবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় কোনো দেশের পক্ষে বা বিপক্ষে অন্ধভাবে না গিয়ে সম্পূর্ণ জাতীয় স্বার্থ ও ‘কৌশলগত ভারসাম্যের’ ওপর ভিত্তি করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো পরাশক্তিগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্কের মূল ভিত্তি হবে পারস্পরিক লাভ এবং দেশের মানুষের কল্যাণ।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। 

গবেষণাপ্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেন) ‘পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। যার প্রচার সহযোগী ছিল প্রথম আলো।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে। এই নীতির অংশ হিসেবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বড় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করা হচ্ছে।

এ ছাড়া দেশের পররাষ্ট্রনীতিতে প্রথমবারের মতো সংস্কৃতি, ক্রীড়া এবং সৃজনশীল অর্থনীতি বা ‘সফট পাওয়ার’ ব্যবহারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতিমধ্যে ‘স্পোর্টস অ্যান্ড কালচার’, ‘মাইগ্রেশন’ এবং ‘ক্লাইমেট রেজিলিয়েন্স’ নামে তিনটি নতুন অনুবিভাগ চালু করা হয়েছে বলে তিনি জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “প্রত্যেকটা দেশের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক নির্ধারণ করবে পারস্পরিকভাবে আমরা কী পাচ্ছি, বাংলাদেশের মানুষ কী পাচ্ছে—পুরোপুরি ওই সিদ্ধান্তের ভিত্তিতে।”

বৈশ্বিক সংকট ও জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব ও বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় সরকার এখন একক কোনো উৎসের ওপর নির্ভর করছে না। বিকল্প হিসেবে জ্বালানি ও শ্রমবাজার বহুমুখীকরণ করার সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ জানান, যেকোনো সমস্যা বা মতভেদ আলোচনার মাধ্যমেই সমাধান করতে চায় বাংলাদেশ। সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্যঘাটতি দূরীকরণ ও দীর্ঘমেয়াদি পানিবণ্টন সমস্যা সমাধানের জন্য ভারতের সঙ্গে কার্যকর কূটনৈতিক যোগাযোগ বা ‘এনগেজমেন্ট’ বজায় রাখা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

গোলটেবিল আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ বহুপক্ষীয় নীতিতে গভীরভাবে বিশ্বাসী।

তিনি বলেন, “আমরা মাল্টিল্যাটারালিজমকে (বহুপক্ষীয় ব্যবস্থা) ধারণ করি এবং ধারণ করি বলেই আমরা ব্রিকস, আসিয়ান, এসসিও ও আরসিইপি-এর সদস্য হতে চাই। ক্ষয়প্রাপ্ত বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলা এবং জনগণের স্বার্থে সেগুলোকে ব্যবহার করাই আমাদের মূল লক্ষ্য।”

শিক্ষক ও গবেষক আসিফ বিন আলীর সঞ্চালনায় এই সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান), চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন ও মোহাম্মদ তানজীমউদ্দিন খানসহ বিশিষ্টজনেরা। বিশেষজ্ঞরা পরিবর্তিত বিশ্বরাজনীতিতে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থান সুদৃঢ় করার তাগিদ দেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.