× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিকে বিভক্ত করে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৪ জুলাই ২০২৬, ১৫:৪২ পিএম । আপডেটঃ ০৪ জুলাই ২০২৬, ১৫:৪৫ পিএম

শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতিকে দ্বিধাবিভক্ত করে কোনোভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তাঁর সরকার প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশে নিয়মতান্ত্রিক বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত এক বিশেষ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, “এই গণঅভ্যুত্থানে কমপক্ষে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন। এই অর্জন কোনো একক ব্যক্তি বা একক দলের নয়। এটি দেশের প্রতিটি শান্তিপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন।”

তিনি বলেন, যারা শহীদ ও আহত হয়েছেন। তাদের মূল লক্ষ্য ছিল প্রচলিত রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন, মানুষের ভাগ্যের উন্নয়ন এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আন্দোলনে আত্মত্যাগকারীদের মূল্যায়নের বিষয়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেকের ত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে। তবে তার অর্থ এই নয় যে কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঞ্চিত করা হবে।”

সরকারপ্রধান বলেন, “বিগত স্বৈরাচারী সরকার যেভাবে বিচারব্যবস্থা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে মানুষের ওপর অবিচার করেছে। আমরা কোনোভাবেই সেই পথ অনুসরণ করব না। সবাইকে প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিয়মতান্ত্রিক বিচারের জন্য অপেক্ষা করতে হবে।”


“জাতিকে দ্বিধাবিভক্ত করে আমি দেশকে এগিয়ে নিতে চাই না। দেশের সামগ্রিক উন্নয়ন এবং জনগণের অর্থনৈতিক ও সামাজিক ভাগ্যের পরিবর্তনই আমাদের সরকারের মূল লক্ষ্য।”
— তারেক রহমান, প্রধানমন্ত্রী।


তারেক রহমান বলেন, ভবিষ্যতে কোনো অপশক্তি যেন নতুন করে দেশ গঠনের এই মহাপরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে না পারে। সে বিষয়ে দেশের প্রতিটি নাগরিককে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে কাজের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। দেশ অর্থনৈতিক ও কাঠামোগতভাবে স্বাবলম্বী হতে পারলে ভবিষ্যতে শহীদ পরিবারের সদস্যরা গর্ব করে বলতে পারবেন যে, তাঁদের স্বজনদের সর্বোচ্চ আত্মত্যাগ বৃথা যায়নি, বরং তা দেশের ভাগ্য পরিবর্তনে ঐতিহাসিক ভূমিকা রেখেছে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.