সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করে টেকসই ও স্থিতিস্থাপক সমাজ গঠনে নারীর ক্ষমতায়নকে কেবল উন্নয়ন এজেন্ডা নয়, বরং জাতীয় অস্তিত্বের প্রশ্ন হিসেবে আখ্যায়িত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সম্প্রসারণের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে অনুষ্ঠিত এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘Empower Women for Climate-Resilient Societies (Phase II)’ শীর্ষক প্রকল্পের অধীনে আয়োজিত এই ‘জাতীয় অভিজ্ঞতা ভাগাভাগি ও সম্প্রসারণ কর্মশালায়’ মন্ত্রী জলবায়ু পরিকল্পনায় জেন্ডার-সংবেদনশীল দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ রাষ্ট্রে বন্যা, ঘূর্ণিঝড় ও লবণাক্ততা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগে গ্রামীণ নারীরাই সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েন। তাই তাদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা ছাড়া কোনোভাবেই টেকসই অভিযোজন সম্ভব নয়।
অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেন, "জাতীয় নীতি প্রণয়ন থেকে শুরু করে তৃণমূল বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি স্তরে নারীর কণ্ঠস্বর নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিকল্পনায় জেন্ডার-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা এখন আর ঐচ্ছিক নয়, এটি বাধ্যতামূলক।"
মন্ত্রী আরও জানান, ‘Empower’ প্রকল্পের অধীনে প্রশিক্ষিত নারীরা ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে জলবায়ু-স্থিতিস্থাপক কৃষি ও বৈচিত্র্যময় জীবিকা নিশ্চিত করে সফলতার স্বাক্ষর রাখছেন। এই মডেল ও সফল অভিজ্ঞতাকে এখন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উপযুক্ত সময় এসেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ ধরনের পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগে ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কর্মশালায় ইউএন উইমেন বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি শিং পরিবেশের ভারসাম্য রক্ষা ও নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতার আন্তঃসম্পর্ক নিয়ে আলোকপাত করেন। এ সময় কুড়িগ্রাম, জামালপুর, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজার জেলার জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের প্রায় শতাধিক তৃণমূল পর্যায়ের সফল নারী উদ্যোক্তা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী গবেষক ও উন্নয়ন সহযোগীরা প্রকল্পের অর্জিত সাফল্য তুলে ধরে এই ধরনের জলবায়ু-অনুকূল মডেলগুলো দেশের অন্যান্য প্রান্তিক অঞ্চলেও দ্রুত সম্প্রসারণের জোর সুপারিশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
