চীনের দালিয়ান থেকে হাইস্পিড ট্রেনে বেইজিংয়ের চাউমিং রেলস্টেশনে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। আজ বুধবার বিকেলে। ছবি: পিএমও
চার দেশীয় এশীয় সফরের দ্বিতীয় ধাপে চীনের দালিয়ান থেকে রাজধানী বেইজিংয়ে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে নতুন মেয়াদে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম চীন সফর। যা দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলস্টেশনে এসে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় বর্ণাঢ্য লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
চাউমিং রেলস্টেশনে অভ্যর্থনা পর্ব শেষে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের ঐতিহাসিক দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে (গেস্ট হাউস) নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই রাষ্ট্রীয় অতিথি ভবনেই অবস্থান করবেন। এর আগে, আজ দুপুর ১টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা দালিয়ান উত্তর রেলস্টেশন থেকে আধুনিক হাইস্পিড বুলেট ট্রেনে চড়ে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে তাঁর সাথে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক প্রতিনিধিদল।
"দ্বিপক্ষীয় এই সফরে বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পৃথক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকগুলোতে দুই দেশের অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ঘাটতি হ্রাস, জ্বালানি নিরাপত্তা এবং মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত অন্তত ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।"
— কূটনৈতিক সূত্র, বেইজিং
বেইজিংয়ে আসার আগে আজ সকালেই চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সময় সকাল ১০টায় বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন এবং ফোরামের সাইডলাইনে আগত বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় দুই দিনের সফল সফর শেষ করে গত সোমবার চীনের দালিয়ানে আসেন প্রধানমন্ত্রী। গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। আগামী দুই দিন বেইজিংয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে এই ঐতিহাসিক সফরের সমাপ্তি ঘটবে। যা এশীয় অঞ্চলে বাংলাদেশের নতুন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ তৈরিতে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
