× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনায় কৃতজ্ঞতা জানিয়ে চীনের পথে প্রধানমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৩ জুন ২০২৬, ১৫:১২ পিএম । আপডেটঃ ২৩ জুন ২০২৬, ১৫:১৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

মালয়েশিয়া সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর সম্পন্ন করে গতকাল তিনি চীনের উদ্দেশে কুয়ালালামপুর ত্যাগ করেন। 

মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তায় মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তার প্রশংসা করার পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

মালয়েশিয়া সরকার ও সে দেশের বন্ধুভাবাপন্ন জনগণের সৌহার্দ্যপূর্ণ মনোভাবে গভীরভাবে অভিভূত হয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যকার আলোচনাকে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেছেন। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর ছিল, যা মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার বহুমুখী অংশীদারত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে ঢাকা মনে করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বার্তায় দ্বিপক্ষীয় সম্পর্কের ঐতিহাসিক পটভূমি স্মরণ করে দুই দেশের ঐতিহ্যগত বন্ধনের গভীরতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি জানান, এই সম্পর্ক শুধু বর্তমানের নয়, বরং এর পেছনে দীর্ঘ এক রাষ্ট্রীয় পরম্পরা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন “আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলকে তাঁদের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও দৃঢ় করেছে। আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সময় থেকে বহু দশক পুরোনো এই সম্পর্ক রয়েছে।”

ঢাকা ও কুয়ালালামপুরের সর্বস্তরের মানুষের মধ্যকার পারস্পরিক যোগাযোগ দুই দেশের অংশীদারত্বকে অনন্য এক মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এই সফরে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

বিশেষ এই রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজপরিবারের পক্ষ থেকেও বাংলাদেশের সরকারপ্রধানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ব্যস্ত সূচির মধ্যেও সৌজন্য সাক্ষাতের সুযোগ তৈরি করায় মালয়েশিয়ার রাজার প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান এক বিবৃতিতে জানান, “মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারকে তাঁর বৈঠকের সময় দেওয়ার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়। প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম রাষ্ট্রীয় সফরের পর মালয়েশিয়ার সঙ্গে আমাদের বহুমুখী অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আমি উন্মুখ।”

কুয়ালালামপুর ছাড়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে তাঁর সফরের দ্বিতীয় ধাপে চীনে অবস্থান করছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরেই মালয়েশিয়ার এই নজিরবিহীন উষ্ণতা এবং শীর্ষ নেতাদের মধ্যকার ফলপ্রসূ আলোচনা আগামী দিনগুলোতে দুই দেশের শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও আসিয়ানে বাংলাদেশের কৌশলগত অবস্থানকে আরও সুসংহত করবে।



National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.