× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মন্ত্রিত্ব রেখেই জাতিসংঘের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ জুন ২০২৬, ২১:০১ পিএম । আপডেটঃ ০৪ জুন ২০২৬, ২১:০২ পিএম

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান স্বপদে বহাল থেকেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি (ইউএনজিএ) হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন চলাকালে তিনি কয়েক সপ্তাহের জন্য বিশেষ ছুটিতে থাকবেন। গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভোটাভুটিতে সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন তিনি। তাঁর এই ঐতিহাসিক বিজয়কে দেশের 'অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণের ফসল' হিসেবে দেখছে সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হয়। এর আগে সকালে যুক্তরাস্ট্র থেকে দেশে ফিরে একই সঙ্গে দুই দায়িত্ব পালনের ইঙ্গিত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, "একই সাথে দেশের মন্ত্রিত্ব এবং জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদ সামলানোর প্রিসিডেন্টস (নজির) আছে। এটি অসম্ভব কিছু নয়।"

বিশ্লেষকরা বলছেন, সরকারের মন্ত্রিসভায় থেকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধিগতভাবে কোনো বাধা নেই। অতীতে চার দশক আগে বাংলাদেশ থেকে প্রথমবার সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া হুমায়ূন রশিদ চৌধুরীও তৎকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী পদে বহাল থেকেই এই দায়িত্ব পালন করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বটি সার্বক্ষণিক না হওয়ায় এবং মূলত নির্দিষ্ট অধিবেশনভিত্তিক হওয়ায় খলিলুর রহমান কেবল গুরুত্বপূর্ণ অধিবেশনগুলোর সময় নিউইয়র্কে থাকবেন। তাঁর অনুপস্থিতিতে সহ-সভাপতিরা অধিবেশন পরিচালনা করতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রীর ছুটির সময়ে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ পরিচালনা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং তাঁকে সহযোগিতা করবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, "যদি ডেডিকেটেডলি উনার এই কাজটি করতে হয়, তাহলে উনাকে সময়টা দিতেই হবে ওখানে। বাট দ্যাট ডাস নট মিন যে, উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।"

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান নিউইয়র্কে বিশেষ প্রোটোকল, নিজস্ব কার্যালয় ও কূটনৈতিক সুবিধাদি পেলেও কোনো আবাসন ভাতা বা জাতিসংঘ থেকে কোনো বেতন পাবেন না। নিয়ম অনুসারে নিজ দেশ বাংলাদেশ সরকারই তাঁর বেতন-ভাতা প্রদান করবে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, "এই পদ অত্যন্ত মর্যাদামূলক, কারণ ১৯৩টি সদস্য দেশের বেশিরভাগই বাংলাদেশের ওপর আস্থা রেখেছে। আপাতদৃষ্টিতে পদটি আলঙ্কারিক মনে হলেও বিশ্বরাজনীতির বিভিন্ন বিতর্ক ও আলোচনাকে একটি সুনির্দিষ্ট উপসংহারের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সভাপতির বিশেষ নীতিগত ভূমিকা থাকে।"

উল্লেখ্য, নির্বাচনের আগে দেওয়া ভিশন স্টেটমেন্টে খলিলুর রহমান শান্তি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তির নিয়ন্ত্রণের মতো ৬টি প্রধান লক্ষ্য নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। মন্ত্রিত্ব ধরে রেখে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এই শীর্ষ প্রতিনিধিত্ব বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি অর্জনে এক নতুন দিগন্তের সূচনা করল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.