× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ জুন ২০২৬, ২৩:২১ পিএম । আপডেটঃ ০২ জুন ২০২৬, ২৩:২৭ পিএম

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বিজয়ী হওয়ার পর উপস্থিত বিশ্বনেতা ও প্রতিনিধিদের অভিনন্দনের জবাবে বক্তব্য রাখছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: জাতিসংঘের ওয়েবসাইট

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিদের গোপন ব্যালটে খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশের এই  কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক হাড্ডাহাড্ডি নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। 

সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে আজ স্থানীয় সময় সকাল ১০টায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে মোট ১৯০টি বৈধ ভোট পড়ে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্যদেশগুলোর আস্থা, গ্রহণযোগ্যতা ও ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে।”

বাংলাদেশের ইতিহাসে এটি দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসন লাভ। এর আগে দীর্ঘ ৪০ বছর আগে, ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও ১৯৯১ সাল থেকে পরবর্তী ২৫ বছর নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনসহ (আঙ্কটাড) বিভিন্ন জ্যেষ্ঠ পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করলেও গত ২৭ ফেব্রুয়ারি খলিলুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। মাত্র তিন মাসের সংক্ষিপ্ত প্রচারের মধ্যেও ‘রেসিপ্রোকাল সাপোর্ট অ্যারেঞ্জমেন্ট’ বা আরএসএ (একে অপরকে ভোট প্রদানের পারস্পরিক চুক্তি) কৌশলের মাধ্যমে বাংলাদেশ এই জয় ছিনিয়ে আনে। অথচ সাইপ্রাস ২০১৬ সাল থেকে দীর্ঘ এক দশক ধরে এই পদের জন্য ধারাবাহিক বিশ্বব্যাপী প্রচার চালিয়ে আসছিল।

আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের মধ্য দিয়ে এই অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে, যেখানে বিশ্বমঞ্চের নেতৃত্ব দেবেন বাংলাদেশ। এই ঐতিহাসিক বিজয়ের জন্য জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতে জাতিসংঘের মূলনীতি বাস্তবায়নে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.