প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
মশা নিধনের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার আবেদন করা চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রসহ পাঁচ কর্মকর্তার বিদেশ সফরের প্রস্তাব বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানিয়েছেন, মশা নিধন শেখার জন্য বিদেশ ভ্রমণের প্রয়োজন নেই, বরং দেশের যেকোনো ডোবার পাশে কিছুক্ষণ বসলেই এর স্থানীয় উদ্ভাবনী উপায় বের করা সম্ভব।
সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন না দিয়ে সেটি নাকচ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানায়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রস্তাবিত এই প্রতিনিধিদলে মেয়র শাহাদাত হোসেন ছাড়াও চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এবং মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।
বিদেশ সফরের সরকারি অনুমোদন না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ। সোমবার রাতে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা মশা নিধনের ল্যাব ও কারখানা পরিদর্শনের জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই বিদেশ সফরের অনুমোদন পাওয়া যায়নি।’’
চসিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা রাজ্যে অবস্থিত ‘ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি’ নামের একটি কীটনাশক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ও তাদের অর্থায়নে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে তা কঠোরভাবে নাকচ হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান লিখেছেন, ‘‘মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দু–তিন ঘণ্টা অবস্থান করলেই মশকনিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’’
প্রশাসনিক এই কঠোর বার্তার পর সরকারি অর্থ সাশ্রয় এবং জনকল্যাণমূলক কাজে দেশীয় প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে চসিকের একজন কর্মকর্তা জানান, মশা নিধনের জন্য ইতিমধ্যে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে আধুনিক ‘বিটিআই’ (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) নামক মশক নিধন ব্যাকটেরিয়া বা কীটনাশক কেনা হয়েছে, যা বর্তমানে নগরে ব্যবহার করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে জনপ্রশাসনে অপ্রয়োজনীয় বিদেশ সফরের প্রবণতা হ্রাস পাবে এবং স্থানীয়ভাবে জনসমস্যা সমাধানের মানসিকতা তৈরি হবে বলে মনে করছেন নীতি-নির্ধারকেরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
