× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ জুন ২০২৬, ১৫:১০ পিএম । আপডেটঃ ০১ জুন ২০২৬, ১৬:৫৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি

শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

৬৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের আকস্মিক পদত্যাগের পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের দৈনন্দিন ও নিয়মিত দাপ্তরিক কাজ সুচারুভাবে পরিচালনায় বিঘ্ন ঘটছে। সরকারের চলমান উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থেই তিনি স্বেচ্ছায় এই পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর দীপেন দেওয়ান বলেন, "মন্ত্রণালয়ের কাজের যে গতি ও সততা প্রয়োজন, আমার বর্তমান শারীরিক অবস্থায় তা শতভাগ দেওয়া সম্ভব হচ্ছিল না। দেশের এবং পার্বত্য অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে কোনো স্থবিরতা আমি চাই না। তাই স্বেচ্ছায় পদ ছাড়লাম। তবে একজন সংসদ সদস্য হিসেবে এলাকার মানুষের কল্যাণে আমি কাজ করে যাব।"

দীপেন দেওয়ান দেশের পার্বত্য অঞ্চলের একজন অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পার্বত্য রাঙামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে সব নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়ে এক অনন্য রেকর্ড গড়েন তিনি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি সরাসরি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

রাজনীতিতে আসার আগে দীপেন দেওয়ান বিচার বিভাগে কর্মরত ছিলেন। ২০০৫ সালে যুগ্ম জেলা জজের মর্যাদাপূর্ণ চাকরি ছেড়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরপর ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এবং ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

দীপেন দেওয়ানের পরিবার ঐতিহাসিকভাবেই বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। তাঁর বাবা সুবিমল দেওয়ান ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা। বাবার পথ ধরেই তিনি পাহাড়ি অঞ্চলের মানুষের অধিকার ও জাতীয় রাজনীতিতে অবদান রেখে চলেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন। তবে দীপেন দেওয়ানের স্থলাভিষিক্ত কে হচ্ছেন বা প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকেই পূর্ণ দায়িত্ব দেওয়া হবে কি না—সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.