× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জঙ্গল সলিমপুরে অপরাধের 'অভয়ারণ্য' থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রীর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩১ মে ২০২৬, ১৪:২৫ পিএম । আপডেটঃ ৩১ মে ২০২৬, ১৪:২৬ পিএম

চট্টগ্রামের অপরাধপ্রবণ জঙ্গল সলিমপুর এলাকা শনিবার সরেজমিন পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের “অভয়ারণ্য” থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার দুপুরে বিতর্কিত জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বিগত সরকারের আমলে গড়ে ওঠা দুর্বৃত্তায়নের কাঠামো ভেঙে আইনশৃঙ্খলা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এবং আইজিপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধীরা জঙ্গল সলিমপুরে সিসিটিভি ক্যামেরা ও নিজস্ব সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলে যে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, সাম্প্রতিক যৌথ অভিযানের মাধ্যমে তা সফলভাবে ভেঙে দেওয়া হয়েছে। তবে অভ্যন্তরীণ কিছু তথ্য ফাঁসের কারণে অভিযানের মূল লক্ষ্য বা অপরাধীদের শতভাগ ধরা এখনও পুরোপুরি অর্জন করা সম্ভব হয়নি বলে তিনি স্বীকার করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “র‌্যাবের নির্মাণাধীন ক্যাম্প ভাঙচুরের ঘটনাটি মূলত ‘রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ’। এর পেছনে যে সব ভূমিদস্যু ও ইন্ধনদাতা রয়েছে, তাদের কঠোরভাবে চিহ্নিত করার কাজ চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

এলাকাটিতে বসবাসরত সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, অপরাধীদের দমনের নামে সাধারণ ও নিরপরাধ মানুষকে ভোগান্তিতে ফেলা সরকারের উদ্দেশ্য নয়। বিভিন্ন পরিস্থিতিতে পড়ে যারা এই দুর্গম এলাকায় আশ্রয় নিয়েছেন, তাঁদের টেকসই পুনর্বাসনের জন্য প্রশাসন সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বিগত সময়ের রাজনীতির মাধ্যমে রাষ্ট্রের ভেতরে এক ধরনের দুর্বৃত্তের কাঠামো গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার একটি বড় উদাহরণ এই জঙ্গল সলিমপুর। যারা এখানে প্রকৃত বাসিন্দা হিসেবে বসবাস করছেন, তাঁদের আপাতত কাউকে উচ্ছেদ করা হবে না। প্রকৃত নাগরিকদের জন্য একটি টেকসই পুনর্বাসন পরিকল্পনা নেওয়া হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধের স্বর্গরাজ্য থেকে বের করে একটি নিরাপদ ও আধুনিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এলাকাটিতে দ্রুত আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি পুলিশ, বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর জন্য স্থায়ী প্রশাসনিক অবকাঠামো নির্মাণ করা হবে। একই সাথে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এই জঙ্গল সলিমপুর অঞ্চলে স্থানান্তরের প্রশাসনিক প্রক্রিয়াও বেশ দ্রুত গতিতে এগোচ্ছে বলে জানান তিনি। জনগণকে সঙ্গে নিয়েই দেশে আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.