সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শেরেবাংলা নগরের মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে তিনি এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে দেশের শান্তি ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী এবং তাঁর দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্যরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতার অন্যতম ঘোষক এবং সাবেক এই রাষ্ট্রপতির প্রতি সম্মান জানিয়ে এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং মহিলা, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
এ ছাড়াও মাজার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুর রশীদ হাবিব এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতা শেষে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সেই মোনাজাতে শরিক হন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই সর্বস্তরের মানুষের ঢল নামে জিয়া উদ্যান প্রাঙ্গণে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ পেশাজীবী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীকে ঘিরে ২৫ মে থেকে বিএনপি দেশব্যাপী আট দিনের কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে আগামীকাল রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।"
তিনি আরও জানান, মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি ভবনের সামনে থেকে দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনা খাবার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মোট ১৭টি স্পটে এই মানবধিকার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো প্রতিবছর এই দিনটিকে ‘শাহাদাত দিবস’ হিসেবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে থাকে।
দিবসটি উপলক্ষে আজ ভোর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলীয় প্রধানের কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয় এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দেশজুড়ে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে এবারের কর্মসূচি পালিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
