দেশ-বিদেশে আলোচিত বিরল প্রজাতির মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানি না দিয়ে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের উদ্দেশ্যে কেরানীগঞ্জ থানায় ট্রাকে তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আর কোরবানি দেওয়া হচ্ছে না। সরকারের বিশেষ সিদ্ধান্তে বিরল প্রজাতির এই মহিষটিকে দর্শনার্থীদের জন্য মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোরবানির ঈদের আগের দিন আজ বুধবার (২৭ মে) বিকেলে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী পুলিশ মহিষটিকে উদ্ধার করে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে।
মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুল এবং হালকা রঙের চোখবিশিষ্ট এই মহিষটি দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি) ওজনের ৪ বছর বয়সী এই মহিষটি মে মাসজুড়ে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
মহিষটির বিরল বৈশিষ্ট্য ও জনমনে ব্যাপক আগ্রহের বিষয়টি বিবেচনা করে এটি সংরক্ষণের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক মুঠোফোনে বলেন, “এই মহিষটি নিয়ে মানুষের মনে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিল। এ ছাড়া এটি একটি ‘রেয়ার ব্রিড’ (বিরল জাত) হওয়ায় সরকারের পক্ষ থেকে এটিকে সংরক্ষণের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আপাতত পশুটি ব্যক্তিগতভাবে কিনে নিয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রাণীটির যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার বিষয়টি দেখভালের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এর আগে আজ বিকেল চারটার দিকে কেরানীগঞ্জ জেলা পুলিশের একজন কর্মকর্তা মহিষটির বর্তমান মালিক মনিরুজ্জামানের বাড়িতে উপস্থিত হন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ওপর থেকে নির্দেশ আসায় মহিষটি কোরবানি না করার অনুরোধ জানিয়ে আপাতত থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে মালিক মনিরুজ্জামান মহিষটিকে কেরানীগঞ্জ থানায় পৌঁছে দেন।
মহিষটির ক্রেতা মনিরুজ্জামান বলেন, “সরকার বলেছে, আমাদের যা দাম আছে, সে টাকা দিয়া দেবে, নইলে কোরবানির জন্য গরু দিয়া দেবে।”
উল্লেখ্য, মহিষটি প্রথমে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ভাইয়ের দেওয়া নামের এই মহিষটিকে গত সোমবার রাজকীয় সাজে ও লালগালিচা সংবর্ধনা দিয়ে কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়েছিল।
আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ ‘দ্য টেলিগ্রাফ’, ‘দ্য ইনডিপেনডেন্ট’ এবং বার্তা সংস্থা ‘এএফপি’ ও ‘রয়টার্স’ এই মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল। টেলিগ্রাফ তাদের খবরের শিরোনাম করেছিল, ‘বাংলাদেশ টু স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল’।
মহিষটিকে বরণ করে নিতে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে। চিড়িয়াখানার কিউরেটর চিকিৎসক মো. আতিকুর রহমান বলেন, “মূলত নামের কারণে সাড়া ফেলা এ মহিষটিকে গ্রহণ করার জন্য চিড়িয়াখানায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মূল ফটকে জীবাণুনাশক ছিটানো ও বড় একটি শেডে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। মহিষটিকে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখা হবে এবং কোনো অসুখ আছে কি না, তা পরীক্ষা করা হবে।”
ডা. আতিকুর রহমান জানান, ‘ইন ব্রিডিং’ বা একই বংশের মধ্যে প্রজনন হলে এবং শরীরে রঞ্জক পদার্থ ‘মেলানিন’ কম থাকলে মহিষের ক্ষেত্রে কালো না হয়ে এমন সাদা বা গোলাপি বর্ণ ধারণ করে। প্রতি ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটি এমন বিরল বৈশিষ্ট্যের হতে পারে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ খাবার যেমন ছোলা ও ভুট্টা দিয়েই এর নিয়মিত পরিচর্যা করা হবে, তবে ওজনের কারণে এর খাদ্যের পরিমাণ কিছুটা বেশি লাগবে। কোয়ারেন্টিন পর্ব শেষ হওয়ার পরই সাধারণ দর্শনার্থীরা চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখার সুযোগ পাবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
