× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১ মাসে রামিসা হত্যার বিচার, মৃত্যুদণ্ডের ঘোষণা প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৪ মে ২০২৬, ০১:৪২ এএম । আপডেটঃ ২৪ মে ২০২৬, ০১:৪৩ এএম

শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

রাজধানীর পল্লবীতে শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের এই নির্মম মৃত্যুকে মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করেন যে, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বর্তমান সরকার কোনোভাবেই বরদাশত করবে না।

মিরপুরের পল্লবীতে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভ ও মানবিক উদ্বেগের জন্ম দিয়েছে। অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা দিতেই সরকারপ্রধান এই সময়সীমা নির্ধারণ করেছেন।

ত্রিশালের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের আইন-শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধে চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।”

ভবিষ্যতে যেন কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়, সে জন্য বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে অপরাধীর ফাঁসি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, “যাতে করে ভবিষ্যতে আর কোনও ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।”

দীর্ঘমেয়াদে সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। এ জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও বড় পরিবর্তনের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একইসঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে।”

আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে এই মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া দ্রুততম সময়ে শেষ করতে বিশেষ তৎপরতা শুরু করেছে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই কঠোর অবস্থানের পর রামিসা হত্যা মামলার রায় দেশের বিচারিক ইতিহাসে একটি দ্রুততম ও দৃষ্টান্তমূলক নজির হয়ে থাকবে বলে আশা করছেন আইনি বিশেষজ্ঞরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.