× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

র‍্যাব আর আগের রূপে থাকছে না, পাল্টে যেতে পারে নামও: তথ্য উপদেষ্টা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ মে ২০২৬, ১৫:৩০ পিএম । আপডেটঃ ২০ মে ২০২৬, ০১:৫১ এএম

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে তোলা ছবি। সংগৃহীত

বিতর্কিত এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আর আগের রূপে থাকছে না এবং এই বাহিনীর নামও সম্ভবত পাল্টে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই নীতিগত সিদ্ধান্তের কথা জানান। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন মহল থেকে বাহিনীটি বিলুপ্তির দাবির মুখে সরকারের পক্ষ থেকে এই সংস্কারের ঘোষণা এলো

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের বিগত তিন মাসের কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ওই অনুষ্ঠানেই র‍্যাবের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।

গতকাল সোমবার র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে আগামী দিনে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সূত্র ধরে আজকের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, "র‍্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি, এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি, কারণ এই ধরনের অপশন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।"

তিনি আরও বলেন, গতকালেরই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন র‍্যাবের জন্য সম্পূর্ণ নতুন একটি আইন তৈরি করা হবে। এই আইন প্রণয়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতিসংঘসহ দেশী-বিদেশী বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংগঠন র‍্যাব বিলুপ্তির জোর সুপারিশ করে আসছিল। এমনকি ক্ষমতাসীন দল বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ১০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে র‍্যাবের বিলুপ্তি দাবি করেছিল।

তবে রাষ্ট্রে একটি এলিট ফোর্সের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, "রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকা দরকার আছে। একটি এলিট ফোর্স থাকবে, সেটা র‍্যাব নামে বা ভিন্ন নামে হোক এবং বিস্তারিত সংজ্ঞায়িত একটি আইন থাকবে।"

নতুন আইন ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে এই বাহিনীকে সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যে জবাবদিহিমূলক হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমেই বাহিনীটির অতীত বিতর্ক ঝেড়ে ফেলে একটি পেশাদার ও মানবাধিকার-বান্ধব রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.