× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন, মিলল ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ মে ২০২৬, ০১:৩৬ এএম । আপডেটঃ ১৬ মে ২০২৬, ০২:০৬ এএম

ব্রাসিলিয়ার পালাসিও দো প্লানালতোতে কৌশলগত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ব্রাজিলের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সেলসো আমোরিম। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিল। একই সঙ্গে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ‘ব্রিকস’-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে দেশটি। শনিবার (১৫ মে) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার ঐতিহাসিক পালাসিও দো প্লানালতোতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ২ জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে বাংলাদেশ সাইপ্রাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। বৈঠক শেষে ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গঠনমূলক ভূমিকা, অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকার এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় ঢাকার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন হিসেবেই এই সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রাজিলের এই ঐতিহাসিক সমর্থনকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ।

কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বৈঠকে উপদেষ্টা আমোরিম ‘টেট-আ-টেট স্ট্র্যাটেজিক ফোরাম’ প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এর মাধ্যমে দুই দেশের উপদেষ্টা পর্যায়ে নিয়মিত একান্ত বৈঠকের একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠিত হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে সন্তোষ প্রকাশ করে জানানো হয়, বর্তমানে দুই দেশের বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরাসরি শিপিং ব্যবস্থা চালু এবং মধ্যস্বত্বভোগী নির্ভরতা কমানোর ওপর জোর দেন উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠকে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করে উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “বর্তমান সরকার পূর্ববর্তী শাসনের মতো কখনোই নতজানু বা আত্মসমর্পণমূলক পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করবে না। বাংলাদেশের কূটনীতি হবে আত্মমর্যাদাবোধসম্পন্ন, সক্রিয় এবং জাতীয় স্বার্থভিত্তিক।” তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ সমতা ও মর্যাদার ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় শান্তি ও আঞ্চলিক সহযোগিতার স্বার্থে সার্ককে পুনরুজ্জীবিত করতে বদ্ধপরিকর।

একই সঙ্গে বৈশ্বিক ভূরাজনীতিতে সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জানায়, অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা এবং জ্বালানি ও পারমাণবিক প্রযুক্তিতে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ককে ঢাকা সমান গুরুত্ব দেয়। অন্যদিকে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সুবিধা বাড়াতে ঢাকায় এর একটি শাখা স্থাপনের আহ্বান জানান ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের দীর্ঘ ৫৩ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাসে এই বৈঠকটি একটি মাইলফলক। পরিবর্তনশীল একবিংশ শতাব্দীর ভূরাজনৈতিক বাস্তবতায় এই কৌশলগত পুনঃসূচনা গ্লোবাল সাউথের দেশগুলোর পারস্পরিক সংহতি ও বহুপাক্ষিক কূটনীতিকে আরও শক্তিশালী করবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.