× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির প্রস্তাব

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ মে ২০২৬, ২২:৫৩ পিএম । আপডেটঃ ১২ মে ২০২৬, ০০:০৪ এএম

সচিবালয়ে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি প্রদান এবং মহাসড়কে বিজিবি মোতায়েনসহ একগুচ্ছ প্রস্তুতি নিয়েছে সরকার। সোমবার (১১ মে) সচিবালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব সিদ্ধান্তের কথা জানান। এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর মনিটরিং এবং মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে রেকর্ড সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সচিবালয়ের ব্রিফিংয়ে মন্ত্রী জানান, মহাসড়কে একসাথে বিপুল সংখ্যক মানুষের চাপ কমাতে তৈরি পোশাক কারখানাগুলো তিন থেকে চার দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য মালিকপক্ষের প্রতি জোরালো দাবি জানানো হয়েছে। বিআরটিএ সদর কার্যালয়ে আগামী ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ চালু থাকবে, যেখান থেকে সারা দেশের যানজটপ্রবণ এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এছাড়া যাত্রী ভোগান্তি কমাতে বিআরটিসির বিশেষ ঈদ সার্ভিস এবং মেট্রোরেলের সময়সীমা সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “গার্মেন্টসে ধাপে ধাপে ছুটির বিষয়ে আমাদের জোরালো দাবি রয়েছে এবং মালিকপক্ষও তাতে সম্মতি দিয়েছেন। তবে কিছু কারখানায় জরুরি কার্যাদেশ থাকায় গতবার এটি শতভাগ কার্যকর হয়নি, তাই এবারও কিছুটা আশঙ্কা থাকছে। তবুও আমরা চেষ্টা করছি যাতে যাদের জরুরি কাজ নেই, তারা একটু আগেভাগেই কর্মীদের ছুটি দেন।”

মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ টোল প্লাজাগুলোতে ঈদের সাত দিন আগে থেকে এবং পরবর্তী তিন দিন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়ম প্রতিরোধে ১৯ জন নিয়মিত ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আরও ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পদায়ন করা হচ্ছে। সভায় দুর্ঘটনা রোধে চালকদের ডোপ টেস্ট নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের ১০টি বিশেষ চিকিৎসক দল নিয়োগের পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ স্পটগুলোতে বিশেষ কারিগরি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের সমন্বিত পদক্ষেপের আশ্বাস দেন। সরকারের এই বহুমুখী উদ্যোগের সফল বাস্তবায়ন হলে এবারের ঈদযাত্রা পূর্ববর্তী বছরের তুলনায় অধিকতর স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.