রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত কল্যাণ প্যারেডে পুলিশ সদস্যদের দাবিদাওয়া শুনছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের আদলে পুলিশের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো (পে-স্কেল) চালুর দাবি জানিয়েছেন বাহিনীর সদস্যরা। রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত রুদ্ধদ্বার কল্যাণ প্যারেডে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই প্রস্তাবসহ একগুচ্ছ দাবিদাওয়া তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী ধৈর্যসহকারে পুলিশ সদস্যদের অভাব-অভিযোগ শোনেন এবং মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণসহ বেশ কিছু দাবি দ্রুত বিবেচনার আশ্বাস দেন।
কল্যাণ প্যারেডে উপস্থিত থাকা একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, পুলিশের পক্ষ থেকে স্বতন্ত্র পে-স্কেল ছাড়াও অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ‘ওভারটাইম’ ভাতা, আবাসন সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ এবং মামলা তদন্তে বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়েছে। বর্তমানে প্রতিটি মামলার তদন্তের জন্য মাত্র পাঁচ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, যা বাস্তবসম্মত নয় বলে মাঠপর্যায়ের কর্মকর্তারা উল্লেখ করেন। এছাড়া কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্ত পদমর্যাদার সদস্যদের অবসরের সময় এক ধাপ ওপরের পদে (অনারারি) পদায়নের প্রস্তাবও দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “পুলিশ সদস্যদের চলাচলের সুবিধার্থে মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। এছাড়া অতিরিক্ত কাজের পারিশ্রমিক এবং পুলিশ হাসপাতালের আধুনিকায়নের দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।” পুলিশের সন্তানদের জন্য নিজস্ব জমিতে পৃথক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার বিষয়েও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মব কালচার বা দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধে বিদ্যমান আইন সংশোধন করা হচ্ছে। তিনি বলেন, “দীর্ঘ ৪০ বছর চাকরি করেও অনেক কনস্টেবল পদোন্নতি পান না। বিশেষ নীতিমালার আওতায় সন্তোষজনক রেকর্ডের ভিত্তিতে অবসরের সময় পদোন্নতি দেওয়ার বিষয়টি সরকার ভাবছে। পুলিশ বাহিনীকে অবশ্যই জন-আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।”
এদিকে, এবারের পুলিশ সপ্তাহে পদক প্রদান নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। ১১৫ জনের তালিকা চূড়ান্ত করা হলেও শেষ মুহূর্তে অভিযোগ ও অনিয়মের প্রেক্ষিতে পদক প্রদান স্থগিত করা হয়েছে। অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি বর্তমানে যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং যোগ্যরাই পরবর্তীতে এই স্বীকৃতি পাবেন।
পুলিশ সদর দপ্তর আশা করছে, প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলো পূরণ হলে বাহিনীর পেশাদারিত্ব ও মনোবল বহুগুণ বৃদ্ধি পাবে। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে এই যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে কার্যকর করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
