× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইনশৃঙ্খলায় কোনো ছাড় নয়, নিরপেক্ষ ভোটের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ মে ২০২৬, ০৩:৩৩ এএম । আপডেটঃ ১০ মে ২০২৬, ০৩:৩৪ এএম

কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনিক প্রভাবমুক্ত নিরপেক্ষতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে বিএনপি ও এর তিনটি সহযোগী সংগঠনের সহস্রাধিক কেন্দ্রীয় ও তৃণমূল নেতার সঙ্গে এক রুদ্ধদ্বার মতবিনিময় সভায় তিনি এই কড়া বার্তা দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিগত আমলের মতো কাউকে ‘জিতিয়ে আনা’র সংস্কৃতি আর ফিরবে না, বরং জনসমর্থন নিয়েই সবাইকে নির্বাচিত হতে হবে।

ক্ষমতা গ্রহণের আড়াই মাসের মাথায় আয়োজিত এই প্রথম বৃহৎ সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী আগামী কয়েক মাসের মধ্যে উপজেলা ও পৌরসভা নির্বাচনের ইঙ্গিত দেন। তিনি বলেন, “আমি কাউকে জিতিয়ে আনতে পারব না। আপনাদের জনগণের কাছে যেতে হবে, তাদের মন জয় করতে হবে। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, তার প্রতিদান দিতে হবে সুশাসনের মাধ্যমে।”

সকাল পৌনে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই দীর্ঘ সভায় ১১ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। তৃণমূলের নেতারা সরাসরি মন্ত্রীদের কাছে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের নানা সীমাবদ্ধতা ও জনদুর্ভোগ নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে প্রধানমন্ত্রী সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দল ও সরকারের মধ্যে সমন্বয় জোরদার করার নির্দেশ দেন। তিনি হুঁশিয়ারি দেন যে, সরকারের সফলতার জন্য দলের নেতা-কর্মীদের আচার-আচরণে সংযত হতে হবে।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় এখন থেকে কোনো শিথিলতা দেখানো হবে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। জননিরাপত্তা নিশ্চিতে যা যা করা প্রয়োজন, তার সবই কঠোরভাবে পালন করা হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশকে ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন করাই এখন প্রধান চ্যালেঞ্জ। সরকারের নেওয়া প্রতিটি জনকল্যাণমূলক পদক্ষেপ তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত নেতারা জানান, প্রতি তিন-চার মাস অন্তর এ ধরনের জবাবদিহিমূলক সভার আয়োজন করা হবে। এতে একদিকে যেমন মন্ত্রীদের কাজের মূল্যায়ন হবে, অন্যদিকে সরকারের পরিকল্পনাগুলো তৃণমূল পর্যায়ে দ্রুত কার্যকর করা সম্ভব হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই সভার মাধ্যমে তারেক রহমান তাঁর প্রশাসন ও দলের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষার একটি শক্তিশালী সংকেত পাঠালেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.