× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমান্তে থামছে না অপহরণ

নাফ নদী থেকে আরও ৭ জেলেকে নিলো আরাকান আর্মি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৬, ২১:১৩ পিএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৬, ২১:১৩ পিএম

নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় ক্রমাগত অপহরণের শিকার হচ্ছেন বাংলাদেশি জেলেরা।

সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নাফ নদীর মোহনা থেকে আরও সাতজন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ও শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে দুটি নৌকাসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে আতঙ্ক এবং নিখোঁজ জেলে পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে, সকালে নিয়মিত মাছ শিকারের জন্য জেলেরা নাফ নদীতে নামেন। দুপুর নাগাদ উপকূলে ফেরার সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে মিয়ানমার সীমান্তের দিকে নিয়ে যায়। অপহৃতরা হলেন— আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া, মো. হাসান, আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবুল ফয়েজ উদ্বেগ প্রকাশ করে বলেন, “আরাকান আর্মির ক্রমাগত এই তৎপরতায় নাফ নদীতে মাছ শিকার এখন অসম্ভব হয়ে পড়েছে। সাগরে আমাদের জেলেরা নিরাপদ নয়। এভাবে চলতে থাকলে এই অঞ্চলের মৎস্যজীবী পরিবারগুলোতে চরম দুর্দিন নেমে আসবে।”

অপহৃত জেলেদের পরিবারে এখন শুধু হাহাকার। অপহৃত আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, “দুপুরে বাড়িতে ফেরার কথা ছিল স্বামী আর দুই ছেলের। কিন্তু তারা ফিরলো না। আমরা খুবই গরিব, তারা না ফিরলে আমাদের না খেয়ে মরতে হবে।” নৌকার মালিক আব্দু শুক্কুরও দ্রুত সময়ের মধ্যে এই দরিদ্র জেলেদের ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে এবং অপহৃতদের ফিরিয়ে আনতে কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে বিজিবি ও ট্রলার মালিকদের দেওয়া তথ্যমতে, গত ১১ মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ৩২৮ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির প্রচেষ্টায় বিভিন্ন সময়ে ১৮৯ জন জেলে এবং ২৭টি ট্রলার ফিরিয়ে আনা সম্ভব হলেও, এখনো ১৯০ জন জেলে ও ৩০টি ট্রলার রাখাইন রাজ্যের কারাগারে বন্দি অবস্থায় রয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব বারবার আছড়ে পড়ছে বাংলাদেশের সীমান্তে। নাফ নদীতে বারবার জেলেদের অপহরণ কেবল একটি নিরাপত্তা ইস্যু নয়, এটি সীমান্ত জনপদের কয়েক হাজার মানুষের জীবিকার ওপর এক ভয়াবহ আঘাত। বছরের পর বছর ধরে চলা এই সীমান্ত সংকট নিরসনে শক্তিশালী কূটনৈতিক তৎপরতা এবং নজরদারি বৃদ্ধি এখন সময়ের দাবি। অন্যথায়, দরিদ্র এই শ্রমজীবী মানুষদের জীবন ও জীবিকা অন্ধকার থেকে আরও গভীর অন্ধকারে তলিয়ে যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.