× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩০ রোজা পূর্ণ করে শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ মার্চ ২০২৬, ২০:০৪ পিএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৬, ২০:০৪ পিএম

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ফাইল ছবি

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।

ধর্মবিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রী জানান, দেশের ৬৪টি জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছে। সব উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, আজ দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

বৈঠক শেষে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার আমরা পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আনন্দ উৎসবে মিলিত হব। এই ঈদ বয়ে আনুক শান্তি ও সম্প্রীতির বার্তা।"

সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা এবং আবহাওয়া ও মহাকাশ গবেষণা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামীকাল জুমাতুল বিদা পালনের মধ্য দিয়ে শেষ হবে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। এরপর শনিবার সকালে ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাতের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের মূল আনুষ্ঠানিকতা। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জন্য এই ঘোষণা উৎসবের প্রস্তুতিতে যোগ করল পূর্ণতা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.