নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মুখপাত্র রণধীর জয়সোয়াল। ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে কালো মেঘ ঘনীভূত হচ্ছে, তা থেকে সুরক্ষা পেতে ভারতের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। নজিরবিহীন এই পরিস্থিতিতে ঢাকাকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধটি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।
পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্য) ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিমুখী সংঘাতের ফলে বিশ্ববাণিজ্যের প্রাণস্পন্দন হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালি' দিয়ে তেল পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে। সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তীব্রতর হচ্ছে। এই প্রেক্ষাপটে অভ্যন্তরীণ নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গত বুধবার (১১ মার্চ) ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ জানায় ঢাকা।
মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, কেবল বাংলাদেশই নয়, প্রতিবেশী শ্রীলঙ্কা ও মালদ্বীপ থেকেও একই ধরনের অনুরোধ এসেছে। তিনি বলেন, “ভারত প্রতিবেশী দেশগুলোতে বড় পরিসরে পরিশোধিত পেট্রোপণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশের অনুরোধটি আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। ভারতের নিজস্ব চাহিদা এবং শোধনাগারগুলোর সক্ষমতা যাচাই করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ভারতের নুমালিগড় শোধনাগার থেকে সড়ক, রেল ও পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হচ্ছে। ২০১৭ সালে নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় এই প্রক্রিয়া এখনো চলমান।
গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে সাক্ষাত করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ওই বৈঠকেই জ্বালানি সহযোগিতার বিষয়টি বিস্তারিত আলোচিত হয়। রণধীর জয়সোয়াল ব্রিফিংয়ে দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, সংকটকালীন সহযোগিতার সেই ধারাবাহিকতা বজায় রাখতে ভারত আন্তরিক।
ব্রিফিংয়ে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের প্রত্যর্পণ এবং বাংলাদেশের ডিজিএফআই প্রধানের ভারত সফর নিয়েও প্রশ্ন ওঠে। আসামি প্রত্যর্পণ ইস্যুতে জয়সোয়াল পশ্চিমবঙ্গ সরকারের বিবৃতির বাইরে নতুন কোনো তথ্য দেননি। তবে ডিজিএফআই প্রধানের বিষয়ে তিনি জানান, ‘রাইসিনা ডায়ালগ’-এর অবসরে ভারতীয় কর্মকর্তাদের সাথে তাঁর সৌজন্যমূলক আলাপ হয়ে থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
