আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) এক প্রসিকিউটরের বিরুদ্ধে কারাবন্দী সাবেক সংসদ সদস্যের জামিন করিয়ে দিতে এক কোটি টাকা দাবির অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা ফাঁসের পর বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের অনৈতিক চর্চা কেবল বিচার বিভাগের ওপর জনআস্থা নষ্ট করবে না, বরং জুলাই অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করবে।
অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম-৬ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে এই বিপুল অঙ্কের অর্থ দাবি করেছিলেন সদ্য পদত্যাগকারী প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপে ধারণকৃত একাধিক অডিও রেকর্ডে এই দরকষাকষির প্রমাণ পাওয়া গেছে, যা ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যম ও অনুসন্ধানী সংস্থার মাধ্যমে যাচাই করা হয়েছে।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, "আইন পেশা কতটা গভীরে কলুষিত হয়েছে, এটি তারই এক উদ্বেগজনক উদাহরণ।" তিনি বিশেষ করে বর্তমান আইনমন্ত্রী ও চিফ প্রসিকিউটরের ‘দৃশ্যমান নমনীয়তা’ নিয়ে প্রশ্ন তোলেন। ড. জামান মনে করেন, দুর্নীতিবিরোধী অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা নতুন সরকারের এমন উদাসীনতা উচ্চপর্যায়ে অপরাধের দায়মুক্তির সংস্কৃতিকে প্রশ্রয় দিচ্ছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগের বিষয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হবে। তবে ড. ইফতেখারুজ্জামান মনে করেন, কেবল অভ্যন্তরীণ তদন্ত যথেষ্ট নয়; বরং একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত বিচারিক তদন্ত প্রয়োজন।ধ
অভিযুক্ত প্রসিকিউটর শিক্ষকতায় ফেরার কারণ দেখিয়ে পদত্যাগ করলেও একে ‘পরিত্রাণ’ হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। টিআইবি’র মতে, পদত্যাগের আড়ালে এই যোগসাজশমূলক দুর্নীতির ইতি টানা যাবে না। এর সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অপরিহার্য।
কর্তৃত্ববাদ-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের মধ্যে ‘এবার আমাদের পালা’ শীর্ষক যে দখলদারি বা দুর্নীতির চর্চা দেখা যাচ্ছে, তা সরকারের জন্য আত্মঘাতী হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, "এটি নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে এবং দেশবাসী হতাশ হবেন। এর ফলে শেষ পর্যন্ত চোরতান্ত্রিক মহল ও রাজনৈতিক প্রতিপক্ষই লাভবান হবে।"
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
