ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবর্তিত আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের ফলাফল রাজনৈতিক বিশ্লেষকদের সামনে নতুন এক গাণিতিক বাস্তবতা তুলে ধরেছে। প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও একটি বিশেষ ক্ষেত্রে বড় ধরনের চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রথমবারের মতো প্রবর্তিত ‘আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট’ পদ্ধতিতে ভোটের লড়াইয়ে অন্য সব দলকে পেছনে ফেলে দিয়েছে দলটির প্রতীক ‘দাঁড়িপাল্লা’। নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত ফলাফল বিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে, প্রবাসী ভোটার, নির্বাচন কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের প্রদত্ত ভোটের সিংহভাগই জমা পড়েছে জামায়াতের ঝুলিতে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, সারাদেশে ১৫ লাখ ২০ হাজার ৯৩ জন পোস্টাল ভোটারের মধ্যে ১০ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হয়েছে ৫৭ হাজার ৮৯৮ ভোট। একক দল হিসেবে জামায়াত পেয়েছে সর্বোচ্চ ৪ লাখ ৮৮ হাজার ১১৪ ভোট (৪৫.৮৮ শতাংশ)। অন্যদিকে, নবনির্বাচিত ক্ষমতাসীন দল বিএনপি পেয়েছে ৩ লাখ ২২ হাজার ১৪৪ ভোট (৩০.২৮ শতাংশ)। এছাড়া উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৫২ হাজার ৮৪০ ভোট পেয়ে নিজেদের অবস্থানের জানান দিয়েছে। সম্মিলিতভাবে বিএনপি ও জামায়াত পোস্টাল ভোটের প্রায় ৭৬ শতাংশ নিজেদের দখলে নিয়েছে।
পুরো নির্বাচনে পোস্টাল ভোট বড় কোনো উলটপালট না করলেও সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১ আসনের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে এই ব্যালটই। সিরাজগঞ্জ-৪ আসনে ভোটকেন্দ্রের লড়াইয়ে বিএনপির এম আকবর আলী এগিয়ে থাকলেও পোস্টাল ভোট যুক্ত হওয়ার পর দৃশ্যপট বদলে যায়। জামায়াতের রফিকুল ইসলাম খান শেষ পর্যন্ত ৫৯৪ ভোটের ব্যবধানে জয়ী হন। একইভাবে মাদারীপুর-১ আসনে বিএনপির নাদিরা আক্তার ভোটকেন্দ্রে এগিয়ে থেকেও পোস্টাল ব্যালটের গণনায় পিছিয়ে পড়েন এবং ১১ দলীয় জোটের সাইদ উদ্দিন আহমাদ হানজালার কাছে ৩৮৫ ভোটে পরাজিত হন।
রাজধানীর মর্যাদাপূর্ণ ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত ফলাফলে জয়ী হলেও পোস্টাল ভোটে পরাজিত হয়েছেন। এই আসনে তিনি পেয়েছেন ১ হাজার ২৫৬ ভোট, যেখানে জামায়াতের স. ম. খালিদুজ্জমান পেয়েছেন ২ হাজার ৩২৮ ভোট। তবে বগুড়া-৬ আসনে তারেক রহমান কেন্দ্র ও পোস্টাল—উভয় ক্ষেত্রেই আধিপত্য বজায় রেখে জয়ী হয়েছেন।
অন্যদিকে, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ইসলাম কেন্দ্র ও পোস্টাল উভয় পদ্ধতিতেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিজয়ী হয়েছেন।
ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও নোয়াখালীর মতো জেলাগুলোতে চূড়ান্ত ফলে বিএনপি জয়ী হলেও পোস্টাল ভোটে বিপুল ব্যবধানে এগিয়ে ছিল জামায়াত ও ১১ দলীয় জোট। কুমিল্লার ১১টি আসনের প্রতিটিতেই পোস্টাল ব্যালটে জয়ী হয়েছে ১১ দলীয় জোটের প্রার্থীরা। ফেনী-৩ আসনে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু চূড়ান্ত ফলে জয়ী হলেও পোস্টাল ব্যালটে জামায়াত প্রার্থীর চেয়ে প্রায় ৪ হাজার ভোটে পিছিয়ে ছিলেন। চট্টগ্রাম অঞ্চলের ১৬টি আসনের মধ্যে মাত্র একটিতে (চট্টগ্রাম-১২) পোস্টাল ভোটে জয় পেয়েছে বিএনপি।
প্রযুক্তি ও প্রবাসীদের সংযুক্ত করার এই নতুন পদ্ধতিটি ভবিষ্যতে নির্বাচনী সমীকরণে কত বড় প্রভাবক হতে পারে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এই পরিসংখ্যান তারই আগাম ইঙ্গিত দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
