মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে জরুরি তৎপরতায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যুদ্ধের কালো মেঘ আর ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতের আবহে সেখানে অবস্থানরত হাজারো বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ে চলছে দফায় দফায় বৈঠক।
শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের উপস্থিতিতে মধ্যপ্রাচ্যের বর্তমান রণকৌশল ও এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক চলাকালে নীতিনির্ধারকরা তেহরানে নিযুক্ত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলে সেখানকার সর্বশেষ পরিস্থিতি ও প্রবাসীদের অবস্থান সম্পর্কে অবহিত হন।
সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশগামী শত শত বাংলাদেশি কর্মী। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটকে পড়া এসব কর্মীদের গন্তব্য দেশে প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে ঢাকা। কয়েকটি দেশ ইতিবাচক আশ্বাস দিলেও পরিস্থিতির ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের প্রধান বিমানবন্দরগুলোতে অবস্থানরত কর্মীদের সব ধরনের সহায়তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী, কূটনীতিক এবং মিশন কর্মকর্তা-কর্মচারীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে বাংলাদেশের সুসংহত ও নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা বিশ্বশান্তির অপরিহার্য শর্ত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, "সংঘাত কখনোই স্থায়ী সমাধান আনতে পারে না; বরং সংলাপ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাবোধই বিরোধ নিষ্পত্তির একমাত্র পথ।" বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং উত্তেজনা প্রশমনে অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার উদাত্ত আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে পুরো অঞ্চলে যুদ্ধাবস্থা তৈরি হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
