নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার। আগামী ১০ মার্চ (মঙ্গলবার) বগুড়া সদর উপজেলায় বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অথবা সরাসরি উপস্থিত থেকে সুফলভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।
গত জাতীয় নির্বাচনের সময় জনসাধারণের কাছে দেওয়া অঙ্গীকারগুলোর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ ছিল অন্যতম। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও স্বল্প আয়ের পরিবারগুলো সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সুবিধা, রেশন এবং অন্যান্য সামাজিক সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত হবে। বগুড়া সদর থেকে শুরু হওয়া এই কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় এখন সাজসাজ রব। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে কার্ডধারী পরিবারগুলোকে নির্বাচন করা হয়েছে। মন্ত্রিপরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে।