× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তারেক রহমানের নির্দেশে পুলিশি অ্যাকশন, অক্ষত উদ্ধার সচিবালয় কর্মচারীর ছেলে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ এএম । আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ এএম

খিলগাঁও থেকে উদ্ধার হওয়া নবম শ্রেণির সেই অপহৃত স্কুলছাত্র। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থেকে অপহৃত এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নির্দেশ ও পুলিশের তড়িৎ তৎপরতায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। সচিবালয়ের এক সাধারণ কর্মচারীর আর্তনাদে খোদ সরকারপ্রধানের এই তাৎক্ষণিক সংবেদনশীলতা ও প্রশাসনিক তৎপরতা এক নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খিলগাঁও ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ওই শিক্ষার্থী মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাসায় ফিরছিল। পথিমধ্যে খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় ৪-৫ জন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে নির্জন এক নির্মাণাধীন ভবনে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং তার বাবা খন্দকার শামীমের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় কিশোরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

অপহৃত কিশোরের পিতা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী। সন্তানের অপহরণের খবরে দিশেহারা হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং এক পর্যায়ে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে উপস্থিত হন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর সাক্ষাতের সুযোগ ঘটে। সন্তানের জীবন বাঁচাতে একজন পিতার এই আকুল আবেদন শুনে প্রধানমন্ত্রী কালবিলম্ব না করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী নিজেই উদ্ধার অভিযানের বিষয়টি তদারকি করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরপরই ডিএমপির রমনা বিভাগ প্রযুক্তির সহায়তায় ও কৌশলী অভিযানে নামে। অভিযানের নেতৃত্ব দেওয়া উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, পুলিশ প্রথমে কৌশলে অপহরণকারীদের সাথে মুক্তিপণের টাকা নিয়ে দরকষাকষি শুরু করে সময়ক্ষেপণ করে। এক পর্যায়ে দাবি ১০ হাজারে নেমে আসে। এরই মধ্যে প্রযুক্তির সাহায্যে অপহরণকারীদের নিখুঁত অবস্থান শনাক্ত করে পুলিশ। খিলগাঁওয়ের ওই ভবনে পুলিশি বেষ্টনী তৈরি করা হলে অপহরণকারীরা ছাত্রকে ফেলে পালিয়ে যায়।

অক্ষত অবস্থায় সন্তানকে ফিরে পেয়ে খন্দকার শামীমের পরিবার প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া অপহরণকারীদের ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। একজন সাধারণ নাগরিকের বিপদে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই দ্রুত সাড়া জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.