× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাপানে কর্মী পাঠাতে আগ্রহী: প্রধানমন্ত্রী তারেক রহমান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ এএম । আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ এএম

তারেক রহমান। ফাইল ফটো

জাপানের বিশাল শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ কাজে লাগাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় রোববার (২২ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিশেষ ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সভায় জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ২০টি প্রধান কার্যক্রম সরাসরি এই মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত। জনগণের রায়প্রাপ্ত এই ইশতেহারকে একটি ‘জাতীয় কর্মসূচি’ হিসেবে গণ্য করে তা দ্রুত বাস্তবায়নের রূপরেখা তৈরি করছে সরকার।

জনমিতিক সংকটের কারণে ২০৪০ সালের মধ্যে জাপানে প্রায় ১ কোটি ১০ লাখ তরুণ শ্রমশক্তির প্রয়োজন হবে। অন্যদিকে, বাংলাদেশে বর্তমানে প্রায় ২৩ লাখ অতিরিক্ত যুব শ্রমশক্তি রয়েছে। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে জাপানের চাহিদানুযায়ী তৈরি করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট বিটের কর্মকর্তারা জানান, বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রধানত অদক্ষ শ্রমিক সরবরাহ করে আসছে। এই প্রথা ভেঙে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রপ্তানি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগে ৩৩টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জাপানি ভাষা ও ট্রেডভিত্তিক প্রশিক্ষণ চালু থাকলেও, নতুন করে আরও ২০টি কেন্দ্র যোগ করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে মোট ৫৩টি টিটিসিতে বিশেষায়িত এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

জাপানি ভাষা শিক্ষকের স্বল্পতা কাটিয়ে উঠতে আরও শিক্ষক নিয়োগ এবং ২০০টি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র ও জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর সহযোগিতা নেওয়ার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। অন্যান্য দেশ বাজারের দখল নেওয়ার আগেই যেন বাংলাদেশ তার শ্রমশক্তি জাপানে পাঠাতে পারে, সেজন্য একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা আগামী ৭ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী দুই কর্মদিবস পর কাজের অগ্রগতি পর্যালোচনায় পুনরায় ফলোআপ বৈঠক এবং পরশু দিন সংশ্লিষ্ট অংশীজন বা স্টেকহোল্ডারদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী নুরুল হক কর্মকর্তাদের দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে এই জাতীয় গুরুত্বসম্পন্ন কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.