× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেনাবাহিনীর সিজিএস পদে বড় পরিবর্তন, নতুন পিএসও মেজর জেনারেল মীর মুশফিক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২২ পিএম । আপডেটঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৪ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে নতুন বিন্যাস ও গুরুত্বপূর্ণ নেতৃত্বের রদবদল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে জারি করা এক অফিসিয়াল আদেশের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। পেশাদারিত্বের ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরিবর্তিত বিন্যাস অনুযায়ী, সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ ‘চিফ অব জেনারেল স্টাফ’ (সিজিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সিজিএস হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত পদে নিয়োগের নিমিত্তে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। ইতিপূর্বে তিনি চট্টগ্রামস্থ ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

মাঠপর্যায়ের কমান্ডেও আনা হয়েছে সুনির্দিষ্ট পরিবর্তন। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে চট্টগ্রামস্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মো. হাফিজুর রহমান। তিনি ইতিপূর্বে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে কর্মরত ছিলেন; বর্তমানে পদোন্নতি লাভ করে যশোরস্থ ৫৫ পদাতিক ডিভিশনের কমান্ড গ্রহণ করেছেন।

এছাড়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

সেনাবাহিনীর এই পদায়ন ও রদবদলকে বাহিনীর অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়ার একটি নিয়মিত এবং স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা।

বিষয় : সেনাবাহিনী

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.