× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একুশের অবিনাশী চেতনায় গণতন্ত্র ও স্বকীয়তা রক্ষার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২২ পিএম । আপডেটঃ ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৩ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশের গণতান্ত্রিক ধারা সুসংহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

একুশের রক্তস্নাত পথ ধরেই বাঙালির স্বাধিকার, গণতন্ত্র এবং সাংস্কৃতিক চেতনার সুদৃঢ় ভিত্তি রচিত হয়েছিল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ৫২-র ভাষা আন্দোলনের সেই অবিনাশী চেতনাকে ধারণ করেই দীর্ঘ লড়াই-সংগ্রামের বিনিময়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী দেশে বিদ্যমান ভাষাবৈচিত্র্য সংরক্ষণ, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সুরক্ষা এবং সর্বস্তরে বাংলা ভাষার প্রমিত ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৫২ সালের অমর ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বারসহ নাম না জানা অসংখ্য শহীদের আত্মদান ছিল তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। তাঁদের সেই মহান আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার ও মর্যাদা উপভোগ করছি।”

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে উল্লেখ করেন যে, একুশে ফেব্রুয়ারি কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছিল না; বরং তা ছিল বাঙালির গণতান্ত্রিক মূল্যবোধ, সমতা ও স্বাধিকার আন্দোলনের সূতিকাগার। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “একুশের চেতনাকে ধারণ করে দীর্ঘ ত্যাগের পর দেশে যে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, সরকার সেই অগ্রযাত্রাকে সুসংহত করতে এবং জনআকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ।”

বাংলা ভাষাকে বাঙালির আত্মপরিচয়ের প্রধান বাহন হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ইউনেসকো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান মূলত বাঙালির ভাষা-প্রীতির প্রতি বিশ্বজনীন শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এই স্বীকৃতি এখন বিশ্বজুড়ে বিপন্ন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার সুরক্ষায় অনুপ্রেরণা জোগাচ্ছে। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সব জাতিগোষ্ঠীর ভাষার মর্যাদা সমুন্নত রাখতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আগামীর লক্ষ্য নির্ধারণ করে তারেক রহমান বলেন, “আমরা ৫২-র ভাষা শহীদ, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর স্বাধীনতা রক্ষার লড়াইসহ এযাবৎকালের সব গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারীদের স্বপ্নকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।”

প্রধানমন্ত্রী ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য প্রত্যাশা করেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.