মন্ত্রীপরিষদ বিভাগ |
আসন্ন ঈদুল ফিতরের আগেই প্রান্তিক মানুষের দোরগোড়ায় ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে বড় ধরনের কর্মযজ্ঞ শুরু করেছে সরকার। এই কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। গঠিত এই কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কর্মসূচির প্রাথমিক প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সরকারের প্রভাবশালী নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ সচিবদের সমন্বয় ঘটানো হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এছাড়াও অন্তর্ভুক্ত রয়েছেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহ্দী আমিন ও রেহান আসিফ আসাদ। প্রশাসনিক স্বচ্ছতা ও প্রযুক্তিগত সমন্বয় নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবসহ অর্থ, আইসিটি, স্থানীয় সরকার ও পরিকল্পনা বিভাগের সচিবদের রাখা হয়েছে এই কমিটিতে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি কেবল কার্ড বিতরণই নয়, বরং এর সামগ্রিক ডিজিটাল কাঠামো এবং সুবিধাভোগী নির্বাচনের নিখুঁত পদ্ধতি প্রণয়ন করবে। কমিটির উল্লেখযোগ্য কার্যপরিধি নিম্নরূপ:
পাইলট প্রকল্প
প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটি থেকে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিজিটাল এমআইএস
সুবিধাভোগীদের সঠিক ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে একটি আধুনিক ডিজিটাল এমআইএস (এমআইএস) প্রণয়ন করা হবে।
নারী অগ্রাধিকার
নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না, তা গুরুত্বের সাথে পর্যালোচনা করা হবে।
সরকারের লক্ষ্য হলো, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতে এই কার্ডের মাধ্যমে আর্থিক বা খাদ্য সহায়তা নিশ্চিত করা। এই লক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক নকশা ও প্রতিবেদন জমা দেওয়ার পর দ্রুততম সময়ে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে যেমন স্বচ্ছতা আসবে, তেমনি প্রকৃত সুবিধাবঞ্চিতরা সরাসরি রাষ্ট্রের সহায়তা লাভ করবেন।
বিষয় : মন্ত্রিসভা সরকার
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
