ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর এখন সবার নজর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’র দিকে। গত ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা বেজেছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে—বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় থাকছেন এবং নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানই বা কবে যমুনায় উঠবেন?
যমুনা ছাড়তে ড. ইউনূসের সপ্তাহখানেক সময় লাগবে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন গণভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান জানিয়েছেন, ড. ইউনূস এখনো যমুনাতেই অবস্থান করছেন। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, গুলশানের নিজের বাসভবন সংস্কারের কাজ চলায় তিনি আরও সপ্তাহখানেক যমুনায় থাকবেন। কাজ শেষ হলেই তিনি স্থায়ীভাবে নিজের বাসভবনে ফিরে যাবেন।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় বাসভবন হিসেবে যমুনাকেই বেছে নিয়েছেন। তবে সেখানে ওঠার আগে কিছু সংস্কার কাজ প্রয়োজন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানান, "প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন তাঁর চাহিদা অনুযায়ী কিছু পরিবর্তন ও সংস্কার লাগবেই। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। ভবনটি খালি হওয়ার পর এক মাসের মধ্যে তা পুরোপুরি প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।"
পুলিশ কর্মকর্তা মীর আসাদুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও আনুষঙ্গিক কাজের জন্য যমুনা ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে। সংস্কার কাজে আনুমানিক মাস দুয়েক সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশেই থাকছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী সপ্তাহ থেকেই তিনি তাঁর চিরচেনা কর্মস্থল ‘ইউনূস সেন্টার’-এ নিয়মিত অফিস শুরু করবেন বলে জানা গেছে। সেখানে তিনি তাঁর বিশ্বখ্যাত ‘থ্রি জিরো’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ) তত্ত্ব নিয়ে বিশ্বব্যাপী প্রচার ও প্রসারের কাজ চালিয়ে যাবেন।
সাবেক এই সরকারপ্রধানের ব্যক্তিগত সফরসূচিও চূড়ান্ত হতে শুরু করেছে। আগামী মার্চের তৃতীয় সপ্তাহে তিনি জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে পাঁচ দিনের সফরে দেশটিতে যাবেন। সেখানে তিনি বিশেষ লেকচার ও বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। জাপান সফর শেষে তিনি পুনরায় বাংলাদেশে ফিরে আসবেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। এর বাইরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাঁর কাছে আমন্ত্রণের প্রস্তাব থাকলেও বর্তমানে তিনি দেশেই অবস্থানের পরিকল্পনা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
