× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিনন্দন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭ পিএম । আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৭ পিএম

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করে তিনি বাংলাদেশের নতুন সরকারের সাফল্য কামনা করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রেসিডেন্টের এই চিঠির কপিটি প্রকাশ করে।

অভিনন্দন বার্তায় ডোনাল্ড ট্রাম্প দুই দেশের দীর্ঘমেয়াদী অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমাদের দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত। সার্বভৌম দেশগুলোর সমৃদ্ধির জন্য এই স্থিতিশীলতা জরুরি।”

প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেন যে, দুই দেশের বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতিশীলতা বজায় থাকবে। তিনি উল্লেখ করেন, এই সহযোগিতা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের অর্থনৈতিক কল্যাণে সরাসরি ভূমিকা রাখবে।

চিঠিতে প্রতিরক্ষা খাতের সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “প্রয়োজনীয় প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে আমি আপনার কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করি। এর ফলে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের সেরা ও অত্যাধুনিক মার্কিন সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।”

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে ডোনাল্ড ট্রাম্প লিখেন, “আমি আপনার সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।”

চিঠির শেষাংশে তিনি দুই জাতির সমৃদ্ধি ও নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সাফল্য ও শুভকামনা জানান।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.