× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম । আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৬ পিএম

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

শপথ গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচিতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন সরকারের এই যাত্রালগ্নে মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাভারে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি প্রথমে সরকারপ্রধান হিসেবে এককভাবে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এরপর তাঁর নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন এবং চত্বরে একটি স্মরণীয় বৃক্ষরোপণ করেন।

জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে মরহুম নেতাদের রুহের মাগফিরাত কামনায় জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তাঁরা।

সমাধি জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সরাসরি সচিবালয়ে তাঁর কার্যালয়ে যাবেন। আজ বিকেলেই নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ গ্রহণের পর এটিই হবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক সভা। বৈঠক শেষে প্রশাসনের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি নতুন সরকারের কর্মপরিকল্পনা ও প্রশাসনের কাছে তাঁর প্রত্যাশার কথা তুলে ধরবেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক শপথের পর আজ থেকেই পুরোদমে প্রশাসনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.