দায়িত্ব হস্তান্তরের পূর্বমুহূর্তে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও এই সরকার ‘৯০ শতাংশ সফল’ হয়েছে।
রবিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগামী মঙ্গলবার নতুন নির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এই বিশেষ মেয়াদের প্রশাসনিক অধ্যায়।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমরা যে ধরনের অচল আমলাতন্ত্র, ভঙ্গুর অর্থনীতি এবং সম্পূর্ণ বিধ্বস্ত প্রতিষ্ঠানগুলো পেয়েছিলাম, সেই বিচারে এই সরকার ৯০ শতাংশ সফল। ৩০ বছরের সাংবাদিকতা এবং গত ১৮ মাসের নিবিড় পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে আমি এটি মনে করি।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তী সরকারের সময় জনস্বার্থে জারি করা প্রতিটি অধ্যাদেশ পরবর্তী নির্বাচিত সরকার স্থায়ী আইনে পরিণত করবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেছিল অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোট সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের মাধ্যমেই শেষ হবে এই সরকারের পথচলা। সংবাদ সম্মেলনে জানানো হয়, উপদেষ্টারা শেষবারের মতো পতাকাবাহী গাড়িতে করে শপথ অনুষ্ঠানে যাবেন এবং অনুষ্ঠান শেষে পতাকা ছাড়াই সাধারণ নাগরিক হিসেবে নিজ নিজ বাসভবনে ফিরে যাবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করছে দলটি। দলটির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছে যে, সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।