× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদত্যাগের গুঞ্জন নাকচ করলেন আইজিপি বাহারুল আলম

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ এএম । আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ এএম

পদত্যাগের খবর নাকচ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ফাইল ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ রবিবার রাতে আইজিপি নিজেই গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন যে তিনি পদত্যাগ করেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রাক্কালে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি নিরসনে পুলিশ সদর দপ্তর থেকে একটি আনুষ্ঠানিক বার্তাও দেওয়া হয়েছে।

নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা রয়েছে। এই রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেই গুঞ্জন ওঠে যে আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেছেন। তবে এ বিষয়ে বাহারুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি জানান, পদত্যাগের খবরটি সঠিক নয়।

পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, “আইজিপির পদত্যাগ-সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।”

সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, আজ নির্বাচন-পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাহারুল আলম তাঁর পদত্যাগের ইচ্ছার কথা তুললে উপস্থিত কর্মকর্তারা তাঁকে ভিন্ন পরামর্শ দেন। কর্মকর্তারা জানান, যেহেতু আগামী দু-একদিনের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে, তাই সরকার গঠনের পর আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়াই সমীচীন হবে।

২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যাওয়া বাহারুল আলমকে ২০২৪ সালের নভেম্বর মাসে দুই বছরের চুক্তিতে আইজিপি হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। সরকারি চাকরি আইনের নিয়ম অনুযায়ী তাঁর চুক্তির মেয়াদ আরও প্রায় ৯ মাসের বেশি বাকি রয়েছে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের শীর্ষ পদে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.