× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তারেক রহমানের মন্ত্রিসভায় চমক কারা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৮ পিএম । আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এখন সবার নজর বিএনপির নতুন মন্ত্রিসভার দিকে। আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই মন্ত্রিসভায় অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের ‘চমক’ থাকবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পাশাপাশি জোটসঙ্গীদেরও সরকারে অন্তর্ভুক্ত করার জোরালো সম্ভাবনা রয়েছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্ত্রিসভার একটি বড় অংশজুড়ে থাকবেন স্থায়ী কমিটির প্রবীণ সদস্যরা। অভিজ্ঞতার বিচারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসার জোরালো গুঞ্জন রয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নামে। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তবে বর্ষীয়ান এই রাজনীতিবিদের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নিয়েও দলের ভেতরে-বাইরে আলোচনা আছে।

অন্যান্যদের মধ্যে মির্জা আব্বাসকে গৃহায়ন ও গণপূর্ত, ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ ও জ্বালানি, ড. আব্দুল মঈন খানকে পরিকল্পনা এবং সালাহ উদ্দিন আহমদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য খাতের সংস্কারে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের ওপর আস্থা রাখতে পারে দল। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে।

অংশীদারিত্বের রাজনীতিতে গুরুত্ব দিতে জোটসঙ্গীদের মধ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজ এবং নুরুল হক নুরের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় রয়েছে। এ ছাড়া অর্থনীতি সামলানোর জন্য আইএমএফের সাবেক কর্মকর্তা ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দেখা যেতে পারে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানকে।

বিশেষজ্ঞ ও মাঠের পরীক্ষিত নেতাদের জন্য রাখা টেকনোক্র্যাট কোটায় বেশ কিছু নাম আলোচিত হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলীয় অভ্যন্তরে আলোচনা রয়েছে। এ ছাড়া তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, মিডিয়া সেলের মওদুদ আলমগীর পাভেল, হুমায়ুন কবির এবং শামসুজ্জামান দুদুর নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।

মন্ত্রিসভার রূপরেখা সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সারাদেশে বিএনপির মনোনয়নে যেমন প্রবীণ ও নবীনের সমন্বয় ছিল, ক্যাবিনেটেও তার প্রতিফলন দেখা যাবে। যোগ্য, অভিজ্ঞ এবং আধুনিক ধ্যান-ধারণার ব্যক্তিদের নিয়েই সরকার গঠিত হবে।”

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিউর রহমান বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অভূতপূর্ব সাফল্যের প্রেক্ষাপটে এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে যোগ্য নেতৃত্বের প্রতিফলন মন্ত্রিসভায় কাম্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের বিচার-বিবেচনার ওপরই নির্ভর করছে, তা নিশ্চিত করেছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.