ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর এখন দেশজুড়ে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনের অপেক্ষা শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) এ পর্যন্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করেছে, যেখানে ২০৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিএনপি। সরকারি সূত্রগুলো বলছে, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশের পর নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের এই শপথ অনুষ্ঠানের জোর সম্ভাবনা রয়েছে। শপথ গ্রহণের পরবর্তী দুই দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠনের কাজ শেষ হবে এবং প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ত্রয়োদশ সংসদের নতুন সরকার।
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, তারেক রহমানই সংসদ নেতা ও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন।
নির্বাচনে ৬৮টি আসন পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলে সংসদে দলটির ভূমিকা কী হবে—তা নিয়ে নানা মহলে কৌতূহল ছিল। তবে সংসদীয় রীতি অনুযায়ী, জামায়াতই যে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসছে, তা এখন অনেকটাই নিশ্চিত। এছাড়া ১১-দলীয় জোটের অংশীদার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন।
সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে এখন নতুন সরকারের কর্মপরিকল্পনা ও মন্ত্রিপরিষদের সদস্যদের নাম নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানামুখী গুঞ্জন।