× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শঙ্কা ছাপিয়ে আজ ভাগ্য নির্ধারণের ব্যালট যুদ্ধ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ এএম । আপডেটঃ ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

দীর্ঘ প্রতীক্ষা আর নানামুখী রাজনৈতিক উত্তাপ শেষে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ১২ কোটিরও বেশি ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন। সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই মহোৎসব বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত বছরের ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তারিখ ঘোষণা করলেও শেষ মুহূর্ত পর্যন্ত জনমনে নানা সংশয় ছিল। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ আর নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে ‘ভোট হবে কি হবে না’—এমন জল্পনা চললেও সব শঙ্কা উড়িয়ে দিয়ে আজ ব্যালট যুদ্ধে নামছে প্রার্থীরা। সিইসি বুধবার এক বার্তায় জানিয়েছেন, “ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।”

নির্বাচনী সফরের শুরু থেকেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করা নিয়ে সরব ছিল রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষণার পরপরই ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা নিরাপত্তা ঝুঁকিকে নতুন করে সামনে আনে। এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু ও জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সুষ্ঠু পরিবেশের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে, দীর্ঘ অনশন ও প্রতীকের লড়াই শেষে আমজনতার দল এবং এনসিপি’র মতো দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ বাড়তি মাত্রা যোগ করেছে।

শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত থাকায় আজ ২৯৯টি আসনে লড়াই হচ্ছে। নিচে এবারের নির্বাচনের গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো:


বিষয়বিবরণ
মোট ভোটার১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন
মোট প্রার্থী২,২৮০ জন (দলীয় ১,৭৫৫, স্বতন্ত্র ২৭৩
পুরুষ ও নারী প্রার্থীপুরুষ ১,৯৪৬ জন, নারী ৮৩ জন
মোট ভোটকেন্দ্র৪২,৭৭৯টি (ঝুঁকিপূর্ণ ২১,৫০৬টি)
আইনশৃঙ্খলা বাহিনী ৯ লাখ ১৯ হাজার ২৮০ জন সদস্য

একটি অবাধ ও নিরাপদ নির্বাচন উপহার দিতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তার কঠোর বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে ১ লাখ ৩ হাজার সেনা সদস্য। এছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব ও আনসারসহ প্রায় সোয়া ৯ লাখ সদস্য নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, পরিকল্পিতভাবে কাজ করায় দ্রুত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.