আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। ভাষণে তিনি দেশের প্রতিটি নাগরিককে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, ভোট দেওয়া কেবল নাগরিক অধিকারই নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসার জন্য তিনি ভোটার, রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি বিশেষ অনুরোধ জানান।
সিইসি তাঁর ভাষণে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসুন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিন।” নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে উদার চিত্তে মেনে নিতে তিনি সকল প্রার্থীর প্রতি আহ্বান জানান।
নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, পর্যবেক্ষক এবং সেবাপ্রদানকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিইসি বলেন, “ব্যক্তিগত কষ্ট ও ত্যাগ স্বীকার করে জাতীয় নির্বাচনের এই মহতী আয়োজনকে সার্থক করে তুলুন।” তিনি আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী হতে পারবে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সিইসি ভোটারদের প্রতি বিশেষ অনুরোধ জানান। কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় মাঠ পর্যায়ে কর্মরত নির্বাচনী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা একটি উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে চাই।”
বক্তব্যের শুরুতে তিনি ছাত্র-জনতার আন্দোলনে আহত ও চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে ফেরার জন্য দোয়া করেন। পরিশেষে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনার মাধ্যমে তিনি তাঁর ভাষণ শেষ করেন।