× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটকেন্দ্রে পুলিশের জন্য ‘২২ নিষেধাজ্ঞা’, অমান্য করলে কঠোর ব্যবস্থা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৪ পিএম । আপডেটঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪১ পিএম

ভোটকেন্দ্রের শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে পুলিশ সদস্যদের কঠোর আচরণবিধি পালনের নির্দেশ দিয়েছে সদর দপ্তর। ছবি: সংগৃহীত

আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ সদর দপ্তর। এসব নির্দেশনার মূল উদ্দেশ্য হলো নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখা এবং বাহিনীর পেশাদারিত্ব অক্ষুণ্ণ রাখা। সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এই নির্দেশনার কোনো একটি অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, কোনো পুলিশ সদস্য কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারবেন না। প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোটারদের প্রভাবিত করা, প্রার্থীদের সঙ্গে ছবি তোলা বা ঘনিষ্ঠ হওয়া এবং রাজনৈতিক মিছিল বা কার্যালয়ে উপস্থিত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক মতাদর্শ প্রকাশ পায়—এমন কোনো বক্তব্য দেওয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট, শেয়ার বা কমেন্ট করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া পুলিশ সদস্যরা ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। ভোটার বা নির্বাচন কর্মকর্তাদের কাজে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করা যাবে না। পরিস্থিতির চরম অবনতি না হলে কোনোভাবেই লাঠিপেটা বা বলপ্রয়োগ করা যাবে না। এছাড়া গালিগালাজ, হুমকি বা ভোটারদের সঙ্গে অবমাননাকর আচরণ করাকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে গণ্য করা হবে।

দায়িত্ব পালনকালে প্রার্থী বা তাদের সমর্থকদের কাছ থেকে কোনো ধরনের খাবার, উপহার বা অন্য কোনো সুবিধা নেওয়া যাবে না। জনসমাগমস্থলে বা খোলা জায়গায় দাঁড়িয়ে খাবার খাওয়া, ফুটপাত বা টং দোকানে বসে আড্ডা দেওয়া এবং ডিউটিরত অবস্থায় বাদাম, চানাচুর বা ভাপা পিঠার মতো মুখরোচক খাবার খাওয়া থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটের দিন ব্যক্তিগত আলাপচারিতায় মোবাইল ফোন ব্যবহার একদম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অফিশিয়াল প্রয়োজন ছাড়া কোনো ছবি বা ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা যাবে না। নির্বাচনের সংবেদনশীল তথ্য বা সম্ভাব্য ফলাফল নিয়ে কোনো ধরনের পূর্বানুমান বা আলোচনায় জড়ানোও নিষেধ।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এই ২২ দফা নির্দেশনা প্রতিটি সদস্যকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.