ভোটের নিরাপত্তা ও অবৈধ অর্থ লেনদেন রোধে সাংবাদিকদের ব্রিফিং করছেন র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার তানভীর হাসান শিথিল। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনাবেচা বা অবৈধ অর্থ লেনদেনের কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১১ ফেব্রুয়ারি) পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব-১০ লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তানভীর হাসান শিথিল। তিনি জানান, ভোটার ও প্রার্থীরা নিরাপত্তা চাইলে র্যাব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
নির্বাচনী অনিয়ম রোধে এবার প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে বাহিনীটি। তানভীর হাসান শিথিল বলেন, "প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রের তথ্য সরাসরি আমাদের জানাবেন। 'নির্বাচন সুরক্ষা' নামক একটি অ্যাপের মাধ্যমে আমাদের পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রে অনিয়মের তথ্য অ্যাপে জানানো মাত্রই র্যাব সেখানে পৌঁছাবে।" তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ডগ স্কোয়াড ও ড্রোন ব্যবহারের মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হবে এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত র্যাব মাঠে সক্রিয় থাকবে।
সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে অবৈধ অর্থ উদ্ধারের বিষয়টিও আলোচনায় আসে। আজ বুধবার সকালেই নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে পুলিশ। সৈয়দপুর থানার ওসি রেজাউল করীম নিশ্চিত করেছেন যে, ওই জামায়াত নেতার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। নির্বাচনের আগমুহূর্তে এই বিপুল অর্থের উৎস ও উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে।
রাজধানীর ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছে র্যাব-১০। কোম্পানি কমান্ডার জানান, ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে পেট্রোল ফোর্স মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, "যেকোনো ধরনের গুজব ও নাশকতামূলক কর্মকাণ্ড বানচাল করার পূর্ণ সক্ষমতা আমাদের আছে। পুলিশ, আনসার ও বিজিবি প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করবে; তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে র্যাব ও সেনাবাহিনী যৌথভাবে কঠোর পদক্ষেপ নেবে।"
সংবাদ সম্মেলন শেষে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্শ্ববর্তী ঢাকা গভ. মুসলিম হাইস্কুল ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
