× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৬ পিএম । আপডেটঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৭ পিএম

জাতিসংঘের পতাকা। ফাইল ছবি: রয়টার্স

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশের নারী ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এই আহ্বান জানায়। সংস্থাটি নির্বাচনে নারীদের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে।

বিবৃতিতে জাতিসংঘ উল্লেখ করেছে, নির্বাচনে অংশগ্রহণ করা সবার মৌলিক অধিকার। বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষসহ সমাজে যারা বেশি বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।

নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে অনলাইন হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, তারা এই বিষয়ে পূর্ণ সচেতন। রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারী নারীরা সাইবার বুলিং, ডিপফেক, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি বিকৃতির মতো যৌন ইঙ্গিতপূর্ণ অপব্যবহারের শিকার হচ্ছেন বলে সংস্থাটি পর্যবেক্ষণ করেছে।

নারীদের নির্বাচনী অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে জাতিসংঘ বাংলাদেশ নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা প্রদান করছে। সংস্থাটি স্পষ্ট করে বলেছে, নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য বা অনলাইন নির্যাতনের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

জাতিসংঘ সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো প্রকার হয়রানি বা সহিংসতা না করেন। বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা ও আইনের শাসন বজায় রেখে প্রত্যেক ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করবে বলে জাতিসংঘ বিশ্বাস করে। সবার নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিশ্ব সংস্থাটি সরকারের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.