× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৪ পিএম । আপডেটঃ ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ এএম

রাজধানীর একটি হোটেলে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

আগামীকালের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনি কাঠামোর মধ্যে থেকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তাই বিচলিত হওয়ার কোনো কারণ নেই।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।

ব্রিফিং চলাকালে এক সাংবাদিক প্রশ্ন করেন যে, বিগত দুই নির্বাচন কমিশনের ব্যর্থতা ও তাঁদের বর্তমান আইনি পরিণতির বিষয়টি বর্তমান কমিশনকে কোনো চাপে রাখছে কি না। জবাবে সিইসি বলেন, “আমরা জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, সেই লক্ষ্যেই আইনকানুনের মধ্যে থেকে কাজ করছি। আমাদের প্রতিটি পদক্ষেপ সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে নেওয়া হচ্ছে। আমরা আমাদের কমিটমেন্টকে (প্রতিশ্রুতি) কেন্দ্রে রেখেই এগোচ্ছি। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই।”

সিইসি জানান, বৃহস্পতিবারের নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। ভোটারদের অংশগ্রহণ বাড়াতে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। ভোট গ্রহণ ও গণনার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থী, এজেন্ট, পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতিতেই কেন্দ্রগুলোতে কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, “ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তার তত্ত্বাবধানে কেন্দ্রেই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। পরে রিটার্নিং কর্মকর্তারা তা সংকলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। লিঙ্গ, বয়স বা অবস্থান নির্বিশেষে প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা হয়েছে।”

নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতাকে মূল ভিত্তি উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন জানান, এবারের নির্বাচনে ৪৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন সংস্থার প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৬০ জনের বেশি বিদেশি সাংবাদিক যুক্ত রয়েছেন। দেশীয়ভাবে ৮১টি নিবন্ধিত সংস্থার প্রায় ৪৫ হাজার পর্যবেক্ষক এবং ৬০ হাজারের বেশি সাংবাদিককে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হচ্ছে।

সিইসি সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, “স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। মাঠপর্যায়ে কোনো বিচ্যুতি থাকলে তা সাংবাদিকদের মাধ্যমেই চিহ্নিত করা সম্ভব। আপনাদের পেশাদারত্ব ও নিরপেক্ষ প্রতিবেদন নির্বাচনী প্রক্রিয়ায় জনআস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।” তিনি ভোটারদের গোপনীয়তা রক্ষা করে সাংবাদিকদের দায়িত্ব পালনের জন্য কমিশনের নির্দেশিকা অনুসরণের আহ্বান জানান।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.