প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: বাসস
স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য প্রকাশ করে। হিসাব অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। গত অর্থবছরের তুলনায় তার সম্পদ ১ কোটি ৬১ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।
অধ্যাপক ইউনূস তাঁর সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী ও মেয়াদি আমানত বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারের কারণে তাঁর মোট সম্পদ বেড়েছে। ১ বছর আগে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। তাঁর আর্থিক সম্পদের মধ্যে দেশে রয়েছে ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা এবং দেশের বাইরে রয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা। এ ছাড়া তাঁর প্রায় ২১ লাখ টাকার স্থাবর বা নন-ফাইনান্সিয়াল সম্পদ রয়েছে। বিশেষ বিষয় হলো, অধ্যাপক ইউনূসের কোনো ব্যক্তিগত ঋণ বা দায় নেই।
প্রধান উপদেষ্টার সম্পদ বাড়লেও তাঁর স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ গত এক বছরে উল্লেখযোগ্য হারে কমেছে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের বছর ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। অর্থাৎ এক বছরে তাঁর সম্পদ কমেছে প্রায় ৮৪ লাখ ১৩ হাজার টাকা। তাঁর ১৬ লাখ ৯৬ হাজার টাকার ঋণ বা দায় রয়েছে এবং দেশের বাইরে তাঁর কোনো সম্পদ নেই।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশের অঙ্গীকার করেছিলেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়।
দীর্ঘদিন ধরে উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশ না হওয়ায় জনমনে ও রাজনৈতিক মহলে নানা সমালোচনা চলছিল। গত সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দ্রুতই এই তথ্য প্রকাশের আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের ২১ জন সদস্য এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদের বিস্তারিত তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। এই পদক্ষেপকে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও ন্যায়পাল নিয়োগের প্রক্রিয়ায় একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
