× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরকারের অংশ ছিলাম না, অভিজ্ঞতা দিয়ে সহায়তা করেছি: বদিউল আলম মজুমদার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৯ পিএম । আপডেটঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪০ পিএম

রাজধানীতে সিজিএস আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। মঞ্চে উপস্থিত ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য ও জিল্লুর রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে দায়িত্ব পালন করলেও তিনি অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন না বলে স্পষ্ট করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, “একটা ভুল বোঝাবুঝির অবসান ঘটানো দরকার। জনগণের দাবি ও সরকারের অগ্রাধিকারের মুখে আমরা কেবল অভিজ্ঞতা দিয়ে সহায়তা করার চেষ্টা করেছি। আমরা সরকারের অংশ হিসেবে কাজ করিনি।”

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

বদিউল আলম মজুমদার জানান, সরকারের অংশ হওয়া তো দূরের কথা, সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়ার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর কোনো আলাপই হয়নি। তিনি বলেন, “একজন সাংবাদিক ফোন করে আমাকে কমিশনের দায়িত্ব পাওয়ার খবর জানান। দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমার কোনো মতামত নেওয়া হয়নি।” এসময় দর্শকসারি থেকে বিষয়টি ‘অসৌজন্যমূলক’ বলে মন্তব্য করা হলে তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেন, “হয়তো প্রধান উপদেষ্টা মনে করেছেন আমার অভিজ্ঞতাটুকু কাজে লাগানো প্রয়োজন। তিনি অভিভাবক হিসেবেই এই দায়িত্ব দিয়েছেন।”

সংস্কার কমিশনের কাজ সম্পর্কে সুজন সম্পাদক বলেন, তিনিসহ আটজন সদস্য মিলে কয়েক মাস পরিশ্রম করে সুপারিশমালা পেশ করেছেন। এর বাইরে সরকারের সঙ্গে তাঁর অন্য কোনো সম্পৃক্ততা ছিল না। এমনকি এই কাজের জন্য তিনি কোনো প্রকার আর্থিক সম্মাননীও গ্রহণ করেননি। সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “দেবপ্রিয়র যতটুকু সম্পৃক্ততা ছিল, আমারও ঠিক ততটুকুই।”

অনুষ্ঠানের সঞ্চালক ও সিজিএস সভাপতি জিল্লুর রহমান বদিউল আলম মজুমদারের এই আত্মপক্ষ সমর্থনের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেন, “উনি নিজের সম্পর্কে অনেক কৈফিয়ত দিয়েছেন। আমরা জানি, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। হয়তো সেই কারণেই এই ব্যাখ্যা দিতে হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “আপনি যত সুন্দর পোশাকই পরেন বা সুগন্ধি মাখেন না কেন, কর্দমাক্ত রাস্তায় হাঁটলে গায়ে কিছু কাদা লাগবেই।”

অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যেখানে দেশের গণতান্ত্রিক জবাবদিহিতা ও রাজনৈতিক সংস্কারের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.