গণতন্ত্রের সুফল ভোগ করতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো ভোটাধিকার। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেবল ভোটগ্রহণের দিন নয়, বরং সার্বক্ষণিক জনসচেতনতা প্রয়োজন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সেমিনার হলে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করে ‘ফোরাম অব ইয়ং প্রফেশনালস’ (এফওয়াইপি)। সভায় নির্বাচনী আইন ও নিয়ম-নীতি বিষয়ক দুটি গান এবং পাঁচটি সচেতনতামূলক ভিডিওর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। মূলত নতুন ও তরুণ ভোটারদের অধিকার সম্পর্কে সচেতন করতেই এই সৃজনশীল উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল আরও বলেন, তরুণ সমাজ সচেতনভাবে এগিয়ে এলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী ও টেকসই হবে। সভায় এফওয়াইপি’র উপদেষ্টা রাশেদ উল হক সরকার বলেন, সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের কাছে নির্বাচন ব্যবস্থার গুরুত্ব সঠিকভাবে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় তরুণদের এই অংশগ্রহণ ইতিবাচক পরিবর্তন আনবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এফওয়াইপি’র প্রতিনিধি জান্নাতুল ইলমি সূচনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সচেতন তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। আলোচকরা একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।