প্রকাশকদের একটি অংশের আপত্তির মুখেও পূর্বনির্ধারিত ২০ ফেব্রুয়ারি থেকেই ‘অমর একুশে বইমেলা ২০২৬’ শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে সেলিম রেজা জানান, সামগ্রিক বাস্তবতা ও মেলার ঐতিহ্য বিবেচনায় সময় পরিবর্তনের সুযোগ নেই। তিনি বলেন, “আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু হবে। আমরা ভিন্নমত পোষণকারী প্রকাশকদের অনুরোধ করছি, কিছু চ্যালেঞ্জ থাকলেও জাতীয় স্বার্থে মেলায় অংশগ্রহণ করতে এগিয়ে আসুন।”
এর আগে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সংবাদ সম্মেলন করে মেলা পেছানোর দাবি জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, রমজান ও আসন্ন ঈদের কেনাকাটার চাপে বইয়ের বাজার মন্দা থাকতে পারে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠক সংখ্যা কমে যাওয়ার ব্যবসায়িক ঝুঁকির কথা উল্লেখ করে তারা মেলাটি ঈদুল ফিতরের পর আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন।
তবে বাংলা একাডেমি জানায়, এপ্রিল মাসে মেলা আয়োজন করলে কালবৈশাখী ঝড়, তীব্র তাপপ্রবাহ ও ধুলোবালির কারণে খোলা চত্বরে মেলার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মেলার প্রায় ৬০ শতাংশ প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সব দিক বিবেচনা করে ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলার সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক ও মেলা পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ আজম জানান, সংশ্লিষ্ট সবার সাথে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ৫২৭টি পুরোনো ও ২৪টি নতুন প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য নির্বাচন করা হয়েছে। প্রকাশকদের ওপর আর্থিক চাপ কমাতে স্টল ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে একাডেমি।
ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টল নির্মাণের কাজ পুরোদমে শুরু হয়েছে।