× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ নিয়ে পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া ও আ.লীগ: প্রেস সচিব

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫১ পিএম । আপডেটঃ ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫২ পিএম

সোমবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত নীতিসংলাপে অপতথ্য ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশি-বিদেশি প্রেক্ষাপটে অপতথ্য (মিসইনফরমেশন) ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “ভারতের অনেক প্রভাবশালী পত্রিকা বাংলাদেশ নিয়ে কখনোই সঠিক তথ্য দেয়নি। আনন্দবাজারের মতো বড় পত্রিকাও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। গত ৫৪ বছরে বাংলাদেশের কোনো সরকারকে এমন ভয়াবহ অপপ্রচারের মুখোমুখি হতে হয়নি।”

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এক নীতিসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পলিসি কনক্লেভ অন মিসইনফরমেশন: চ্যালেঞ্জেস টু গভর্ন্যান্স অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।

শফিকুল আলম বলেন, “আমরা একটি মসৃণ ক্ষমতার পালাবদল এবং অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যুগে ফিরতে চাই। কিন্তু একটি শক্তিশালী গোষ্ঠী এর বিরুদ্ধে কাজ করছে। আন্তর্জাতিক মহলে এমন ইমেজ তৈরি করা হচ্ছে যেন বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়। ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ এই প্রচারণার মাধ্যমে আমাদের সরকার ও গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলছে।” তিনি আরও উল্লেখ করেন, গত ১৮ মাস ধরে ভারতীয় মিডিয়া ও ‘অফ ইন্ডিয়া’র মতো প্ল্যাটফর্মগুলো প্রতিদিন ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে।

অনুষ্ঠানে ‘প্রতিদিনের বাংলাদেশ’ সম্পাদক মারুফ কামাল খান বলেন, “ফ্যাসিবাদ যে আমাদের জাতিকে ধ্বংস করেছে, তার পেছনে গণমাধ্যমেরও বিশাল দায় রয়েছে। গণমাধ্যম দীর্ঘদিন গণমানুষের কথা না বলে একটি নির্দিষ্ট পক্ষকে প্রমোট করার চেষ্টা করেছে। ফ্যাসিবাদী ব্যবস্থা শেষ হলেও আমরা সেই চিন্তাচেতনা থেকে বের হতে পারিনি।” তিনি গণমাধ্যমকে সত্যিকারের জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, “এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে রাষ্ট্র এখনও বিভ্রান্তির মধ্যে রয়েছে। গত সরকারের আমলে আমরা ‘ট্রমা’র মধ্যে ছিলাম, যার ফলে শ্রেণিকক্ষেও সঠিক বক্তব্য দিতে পারিনি।” অন্যদিকে, ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান একটি গ্রহণযোগ্য ও আধুনিক ‘মিডিয়া পলিসি’র অভাবকে গণমাধ্যমের সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব বলেন, বর্তমান সরকারের আমলে তথ্যপ্রবাহের যে অবাধ সুবিধা পাওয়া যাচ্ছে, তার অপব্যবহার হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সরকারি উদ্যোগ আরও জোরালো করার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২০২৫ সালের সেরা চারজন প্রতিবেদককে বিভিন্ন ক্যাটাগরিতে ‘এম আই পাটোয়ারী বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.