× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিল্লিতে হাসিনার প্রকাশ্য বক্তব্যে ঢাকার তীব্র ক্ষোভ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৬, ১৩:০৮ পিএম । আপডেটঃ ২৬ জানুয়ারি ২০২৬, ২২:১৮ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য ও উসকানিমূলক বিবৃতিতে গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ঢাকা বলছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত একজন ব্যক্তিকে এ ধরনের সুযোগ দেওয়া দ্বিপাক্ষিক সম্পর্কের সুপ্রতিবেশীসুলভ রীতিনীতির পরিপন্থি।

বিবৃতিতে বলা হয়, গত ২৩ জানুয়ারি দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বর্তমান সরকারকে অপসারণের ডাক দেন এবং তাঁর অনুগতদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আসন্ন সাধারণ নির্বাচন বাধাগ্রস্ত করার উসকানি দেন। বাংলাদেশ সরকার মনে করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হওয়ার পরও তাঁকে হস্তান্তরের বাধ্যবাধকতা ভারত এখনও কার্যকর করেনি। উল্টো তাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে, ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এমন ঘৃণামূলক বক্তব্যের সুযোগ দেওয়া সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাবোধ ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিমালার লঙ্ঘন। এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সুস্পষ্ট অবমাননা এবং দুই দেশের ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে। এর ফলে ভবিষ্যতে নির্বাচিত নতুন রাষ্ট্রব্যবস্থার সাথে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ নেতৃত্বের এমন উসকানিমূলক কর্মকাণ্ডই প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকারকে দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছে। নির্বাচনের আগে সহিংসতা বা কোনো ধরনের অশুভ ষড়যন্ত্রের চেষ্টা করা হলে তার দায়ভার আওয়ামী লীগকেই নিতে হবে এবং সরকার এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.