ভারতের অন্ধ্রপ্রদেশে বাংলাদেশি সন্দেহে মঞ্জুর আলম লস্কর (৩২) নামে এক বাঙালি মুসলিম শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে রাজ্যের কোমারোলু এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত মঞ্জুর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার শাসন থানার রঙ্গিলাবাদ পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি সেখানে জরির কাজের সাথে যুক্ত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার হঠাৎ মঞ্জুর নিখোঁজ হন। এরপর একটি অজ্ঞাত নম্বর থেকে তার স্ত্রীর কাছে ফোন করে ২৫ হাজার রুপি মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের সদস্যরা অনেক কষ্টে ৬ হাজার রুপি জোগাড় করতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি। বুধবার রাতে চুরির অপবাদ দিয়ে উগ্রবাদী একটি গোষ্ঠী তাকে পৈশাচিক নির্যাতন করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, মঞ্জুর আলম দীর্ঘ ১২ বছর ধরে অন্ধ্রপ্রদেশে বসবাস করায় স্থানীয়দের কাছে পরিচিত মুখ ছিলেন। তাসত্ত্বেও সাম্প্রতিক সময়ে তাকে 'বাংলাদেশি' আখ্যা দিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য ক্রমাগত হুমকি দিচ্ছিল একদল উগ্রবাদী। এই হত্যাকাণ্ডকে ভারতে বাংলাভাষী মুসলিমদের ওপর চলমান সাম্প্রদায়িক সহিংসতার সর্বশেষ বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা।
মঞ্জুরের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায় নেমে এসেছে। পরিবারের সদস্যরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মরদেহ ফিরিয়ে আনতে এবং আইনি লড়াইয়ে পশ্চিমবঙ্গ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের স্বজনরা।
সূত্র: দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস